ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে লাশ হয়ে ফিরলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ভাই রফিক উল্লাহের সঙ্গে দেখা নেই বোন রাবেয়া আক্তারের। দুই মেয়েকে সঙ্গে নিয়ে সোমবার গিয়েছিলেন ভাইয়ের বাড়ি। কিন্তু পাহাড়ধসে ভাইয়ের বাড়িতেই প্রাণ গেল রাবেয়া ও তাঁর দুই মেয়ের। তিন দিন পর তারা ফিরেছে লাশ হয়ে। শুধু রাবেয়া নয়, গ্রামের বাড়িতে লাশ হয়ে ফিরলেন রাবেয়ার ভাবি ফাতেমা বেগম ও ভাতিজা ইউনুছও।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড়ধসে তিন শিশুসহ নিহত পাঁচজনই নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের বাসিন্দা। গত শুক্রবার রাত সাড়ে আটটায় গ্রামের বাড়িতে রাবেয়া আক্তার (২৫) এবং তাঁর দুই মেয়ে সামিয়া (৭) ও লামিয়ার (২) লাশ দাফন করা হয়। একই সময়ে রাবেয়ার ভাবি রফিকের স্ত্রী ফাতেমা বেগম (৩৫) ও তাঁর ছেলে ইউনুছের (৭) লাশ দাফন করা হয় ফাতেমার বাবার বাড়ি পাশের আন্ডারচর গ্রামে।

সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বকশি গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, শুক্রবার বিকেলে নিহত তিন শিশুসহ পাঁচজনের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

নিহত ফাতেমার বাবা ফিরোজ আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর মেয়েকে নিয়ে জামাতা রফিক উল্লাহ সাত-আট বছর আগ থেকে সীতাকুণ্ডে বসবাস করে আসছেন। ঘটনার দুদিন আগে রফিকের বোন দুই সন্তানকে নিয়ে ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। যাওয়ার সময় বাড়িতে রেখে যান বড় ছেলে রাকিবকে (৮)। কথা ছিল তিন-চারদিন পরই তাঁরা ফিরবেন। এই ঘটনায় দুটি পরিবার শেষ হয়ে গেছে বলে উল্লেখ করেন ফিরোজ আলম।