ভাগনের ছুরিকাঘাতে আহত সেই শিক্ষকের মৃত্যু
জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাগনের ছুরিকাঘাতে গুরুতর আহত শিক্ষক আবুল কালাম আজাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাত দিন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।
১ এপ্রিল বগুড়ার আদমদীঘিতে ভাগনের ছুরিকাঘাতে আহত হন শিক্ষক আবুল কালাম আজাদ (৪৫)। এ ঘটনায় পুলিশ পল্টু হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে। তবে কালামের ভাগনে আনোয়ার হোসেন ওরফে সাদ্দাম এখনো গ্রেপ্তার হননি।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন শিক্ষক আবুল কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনার মূল আসামি আনোয়ার হোসেনসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত আবুল কালাম আজাদ উপজেলার সান্তাহার এইচ এম পৌর বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ভাগনে আনোয়ারের সঙ্গে জমি নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁর বিরোধ চলে আসছিল।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ১ এপ্রিল বেলা ১১টার দিকে উপজেলার উৎরাইল গ্রামে জমির বিরোধ নিয়ে সালিস বসে। সেখানে আবুল কালামকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন আনোয়ার হোসেন। এতে কালামের হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পর উন্নত চিকিৎসার জন্য কালামকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান আবুল কালাম আজাদ।