ভাগনের ছুরিকাঘাতে স্কুলশিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সালিসের মধ্যে ভাগনের এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্কুলশিক্ষক মামা আবুল কালাম আজাদ (৪৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার উৎরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

ছুরিকাহত আবুল কালাম আজাদ উৎরাইল গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি উপজেলার সান্তাহার পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক। তাঁর ভাগনের নাম আনোয়ার হোসেন (২২)। আনোয়ারও উৎরাইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে আবুল কালাম আজাদের সঙ্গে তাঁর ভাগনে আনোয়ার হোসেনের বিরোধ চলছিল। বিষয়টি নিরসনের জন্য গ্রামের লোকজন গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সালিসে বসেন। সালিসে মামা ও ভাগনের কথা-কাটাকাটিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আনোয়ার ক্ষুব্ধ হয়ে ধারালো ছুরি দিয়ে আবুল কালাম আজাদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে তাঁর হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ জখম হয়। স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমাস আলী সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত আনোয়ারকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।