ভাঙচুরের আশঙ্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলার দুদিন পরও সচল হয়নি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহনব্যবস্থা। কুষ্টিয়া-ঝিনাইদহ শহর থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু বাস ছাড়া শিক্ষার্থীদের বহনকারী কোনো বাস গতকাল বুধবারও ক্যাম্পাসে আসেনি। শিক্ষার্থীরা ক্যাম্পাসে না আসায় কোনো বিভাগে ক্লাস, পরীক্ষাও হয়নি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাসে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ কারণে হামলার ভয়ে বাসমালিকেরা ক্যাম্পাসে গাড়ি দিচ্ছেন না। গতকাল কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ছাড়া ভাড়া করা বাসগুলো ক্যাম্পাসে আসেনি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে গাড়ি আছে ৫৭টি। এর মধ্যে শিক্ষার্থীদের আনা-নেওয়া করার জন্য ভাড়া করা বাস আছে ৩২টি। যেগুলো কুষ্টিয়া-ঝিনাইদাহ বাস মালিক সমিতির কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক মামুনুর রহমান জানান, সোমবারের ঘটনার পর গাড়ি চললে তাতে হামলা করা হবে বলে বিভিন্নভাবে বাসচালকদের হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে অধিকাংশ গাড়ি বুধবার ক্যাম্পাসে আসেনি। তিনি বলেন, ‘বাসমালিকদের সঙ্গে কথা হচ্ছে। বৃহস্পতিবার থেকে বাস চলাচলে কোনো বাধা থাকবে না।’
ক্যাম্পাসে সরেজমিনে দেখা যায়, দীর্ঘ ছুটি শেষে গত মঙ্গলবার খুললেও কার্যত অচল রয়েছে ক্যাম্পাস। খোলার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল মোটামুটি। কিন্তু ছাত্রছাত্রীদের পদচারণ ছিল খুবই কম। ছাত্রসংগঠনের টেন্টগুলোও ছিল নেতা-কর্মীশূন্য। অধিকাংশ বিভাগ তালাবদ্ধ দেখা গেছে।
গত ২৪ আগস্ট ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৫ দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। ছুটি শেষে গত মঙ্গলবার সকালে হল খুলে দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের একাংশের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রক্টর মাহবুবর রহমানকে অব্যাহতি দিয়ে নতুন প্রক্টর হিসেবে ত ম লোকমান হাকিমকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।