ভাঙছে তীর, গিলছে ভিটা

রংপুর, কুড়িগ্রাম, বগুড়া ও সিরাজগঞ্জে প্রায় ৮৬ হাজার মানুষ পানিবন্দী। নীলফামারীতে ১০ হাজার পরিবারের বাড়ি থেকে পানি নেমে গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে পানি উঠেছে কয়েক দিন আগে। থাকার জো নেই। তাই সড়কে এসে আশ্রয় নিয়েছেন পিয়ারি বেগম। গতকাল রংপুরের গঙ্গাচড়া উপজেলার ইচলি গ্রামে
ছবি: প্রথম আলো

ঘরের ভেতর পানি ঢুকে আসবাব ভেসে যায়। মেঝে ভাঙে। সে কষ্ট বেশ কয়েক দিন ধরে সহ্য করেছেন রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর তীরবর্তী ইচলি গ্রামের কৃষক আব্বাস আলী। বারবার এ দুর্ভোগ এড়াতে শেষ পর্যন্ত গতকাল শুক্রবার ঘরের চাল ও বেড়া খুলে নৌকায় করে আসবাব নিয়ে ভিটেমাটিই ছাড়েন তিনি। আশ্রয় নেন বাঁধে।

তিস্তার মতো যমুনা, ধরলা ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বাড়ায় কুড়িগ্রাম, বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৮৬ হাজার মানুষ। এসব নদ-নদীর পানি গতকাল বিকেল পর্যন্ত বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে তিস্তার পানি নীলফামারীতে প্রবাহিত হয় বিপৎসীমার নিচ দিয়ে।

রংপুরের গঙ্গাচড়ার ৫ ইউনিয়নে প্রায় ১০ হাজার, কুড়িগ্রামে ২০ হাজার, বগুড়ার সারিয়াকান্দিতে ৩৬ হাজার ও সিরাজগঞ্জে ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙন অব্যাহত আছে এসব নদ-নদীর তীরবর্তী এলাকায়।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর তীরবর্তী ৫ ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলার বন্য পরিস্থিতি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আশফাকুদৌলা বলেছেন, উজান থেকে পানি নেমে আসছে। পানির তোড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।

কুড়িগ্রামে উজানের ঢল ও বৃষ্টিতে ১৬টি নদ-নদীর পানি বাড়ছে। ধরলা নদীর পানি গতকাল বিপৎসীমার ২২ ও ব্রহ্মপুত্র নদের পানি ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে জেলার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। জেলার নদ-নদীর প্রায় সাড়ে চার শ চরে পানি উঠেছে। প্লাবিত এলাকাগুলোতে বাসিন্দারা নৌকায় চলাচল করছে। রাজারহাটের ছিনাই ইউনিয়নের জয়কুমার, কালুয়া ও কিশামত এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গতকাল স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দাকে ঘরবাড়ি সরিয়ে নিতে দেখা যায়।

এদিকে নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃহস্পতিবার থেকে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল বেলা তিনটায় পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এতে জেলার ডিমলা উপজেলায় তিস্তা নদীবেষ্টিত প্রায় ১৫টি চরাঞ্চল গ্রামের ১০ হাজার পরিবারের ঘরবাড়িতে ওঠা বন্যার পানি নেমে গেছে।

বগুড়ার সারিয়াকান্দিতে গতকাল বিকেলে যমুনা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। নদীর পানি বাড়ায় যমুনার তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। উপজেলার যমুনাবেষ্টিত ইউনিয়ন চালুয়াবাড়ি, কাজলা, কর্নিবাড়ি, বোহাইল, হাটশেরপুর, চন্দনবাইশা, কামালপুর, কুতুবপুর এবং সদর ইউনিয়নের দুর্গম চর এবং নদীতীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। ভাঙন শুরু হয়েছে যমুনার হাটবাড়ি, দলিকা, মানিকদাইড়, নোয়ার পাড়া, শিমুলতাইড়, সুজনের পাড়া, আউচার পাড়া চরে।

সিরাজগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, জেলার সব পয়েন্টেই যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে।