‘ভাঙন থামে না, ভিটা নদীর প্যাটোত গেইল’

রাজারহাট উপজেলার বিভিন্ন স্থানে তীব্র স্রোতে নদীর পাড় ভাঙছে। মানুষজন সড়কসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন।

বাঁশের খুঁটি পুঁতে দেওয়া হলেও পানির স্রোতে ভেঙে যায় নদীর তীর। গত শনিবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গার বগুড়াপাড়ায়।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মরার তিস্তার ভাঙন থামে না। বাড়ি ভিটা জাগা জমি সউগ (সব) নদীর প্যাটোত (পেটে) গেইল। কাইয়ো (কেউ) কিছু করবার পারিল না।’ নদীতে ভেঙে যাওয়া বসতভিটার দিকে চেয়ে কথাগুলো বলেন তিস্তাপারের বাসিন্দা করিমন নেছা।

করিমন নেছার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াসাম এলাকায়। তিনি বলেন, স্বামী আবুল কাশেম কয়েক বছর আগে মারা গেছেন। অন্যের বাড়িতে কাজ করে চলেন। এক সপ্তাহ আগে তিস্তা নদীতে বাড়ি ভেঙে যায়। পাশেই এক জায়গায় আশ্রয় নিয়েছেন।

গত শনিবার সকালে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াসাম, চর নাখান্দা, বগুড়াপাড়া ও রতিগ্রাম ঘুরে দেখা গেছে, তিস্তা নদীর পানির স্রোত উজান থেকে তীব্র বেগে এসে পাড়ে লাগছে। এতে পাড়ের মাটির বিশাল অংশজুড়ে ফাটল দেখা দিচ্ছে। নদীভাঙনের শিকার পরিবারগুলো সড়কসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস আলীর বাড়ির কাছেও নদীর পাড় চলে এসেছে। ইদ্রিস বলেন, ভাঙন ঠেকাতে গ্রামবাসী নদীর ছয়টি স্থানে বাঁশ পুঁতে দেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লোকজন বলেছিলেন, জিও ব্যাগ ফেলা হবে। কিন্তু তা আর ফেলা হয়নি।

কুড়িগ্রাম জেলার অভ্যন্তরে তিস্তার অববাহিকায় ৪৪ কিলোমিটার জুড়ে বিভিন্ন এলাকায় ভাঙন চলছে। গত দুই মাসে করিমন নেছা ও ইউপি সদস্য ইদ্রিস আলীর মতো পাঁচ শতাধিক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে প্রায় নিঃস্ব। ভেঙে গেছে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, কাঁচা–পাকা সড়ক। পানি উন্নয়ন বোর্ড কিছু কিছু এলাকায় জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ করতে পারেনি।

গতিয়াসাম বগুড়াপাড়া গ্রামের শামসুল হক বলেন, ‘গ্রামের একটা মাত্র প্রাইমারি স্কুল আছিল, তা–ও নদীত গ্যালো। ছাওয়াটা অ্যালা কোটে পড়ালেখা করবে।’ আর খিতাবখাঁ বড় দরগা গ্রামের আবদুস সাত্তার বলেন, ‘এবার নিয়া তিনবার বসতবাড়ি নদী নিয়ে গেল। বাঁধের সড়কোত পড়ি আছি।’

তিস্তা নদী লালমনিরহাট জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে চর গকুন্ডার কাছে রাজারহাট উপজেলার চর নাখেন্দা হয়ে কুড়িগ্রাম জেলায় প্রবেশ করেছে। এরপর রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার পশ্চিম পাশ দিয়ে ৪৪ কিলোমিটার প্রবাহিত হয়ে চিলমারীতে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। গত জুন মাসেই পানি বাড়ার সঙ্গে সঙ্গে উলিপুরের বজরা, দলদরিয়া, রাজারহাট উপজেলার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়।

রাজারহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর এ তাসনিম জানান, তাঁর উপজেলায় নদীভাঙনের শিকার পরিবারের সংখ্যা ২৫০। ইতিমধ্যে ১৪০টি পরিবারকে আর্থিক ও খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। টিনের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।

কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ভাঙনকবলিত চারটি স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে গতিয়াসাম, নাখেন্দা ও খিতাবখাঁ মৌজায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করা যাচ্ছে না। বস্তা পানিতে ফেলার সঙ্গে সঙ্গে স্থানচ্যুত হচ্ছে। নদী শান্ত হলে এসব স্থানে জিও ব্যাগ ফেলা হবে।