ভাঙনে ঝুঁকিতে পুরো গ্রাম

চলতি মৌসুমে ১৫ দিন আগে আবার নদে ভাঙন শুরু হয়েছে। স্থায়ী বাঁধ না দিলে গোটা গ্রামই বিলীন হয়ে যাবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গড়াই নদের ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা। বিলীন হওয়া বসতভিটার দিকে তাকিয়ে আছেন এক ব্যক্তি। গত শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামে
ছবি: প্রথম আলো

আবদুল মালেক মণ্ডলের টিনের চৌচালা ঘর ছিল। আরও ছিল ১০ বিঘা চাষের জমি। এগুলো এখন তাঁর কাছে শুধু স্মৃতি। ভিটা আর চাষের জমি—সবই চলে গেছে গড়াই নদের পেটে। এখন থাকেন অন্যের জমিতে। একেকবার ঘর ভেঙেছে আর বাঁচার জন্য নতুন করে ঘর বেঁধেছেন। সাতবার বসতবাড়ির জায়গা পরিবর্তন করেছেন। স্থায়ী বাঁধ না দিলে গোটা গ্রামই বিলীন হয়ে যাবে।

এ অবস্থা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামের উত্তরপাড়ার। স্থানীয় লোকজন বললেন, এ পাড়ায় আগে ৪০টি পরিবার বসবাস করত, এখন আছে ৫টি। বাকিরা নদভাঙনে সব হারিয়ে অন্যত্র চলে গেছেন। অনেকে ভিটাবাড়ি হারিয়ে যাযাবরের মতো জীবন কাটাচ্ছেন। যাঁরা এখনো আছেন, তাঁরাও নদভাঙনের ঝুঁকিতে রয়েছেন। বর্তমানে নতুন করে ঝুঁকির মধ্যে পড়েছেন মাঝেরপাড়ার বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, সারুটিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে গড়াই নদ। এই নদের দক্ষিণপাড়ে কৃষ্ণনগর গ্রাম আর উত্তরে বড়ুরিয়া। কৃষ্ণনগর গ্রামের উত্তরপাড়া এলাকায় পাঁচটি পরিবার রয়েছে। তারা নদের ভাঙনের কবল থেকে রক্ষা পেতে নতুন করে গ্রামের রাস্তার পাশে বাড়ি তৈরি করেছে। মাটির রাস্তার উত্তরে থাকা ভিটাগুলোর বেশির ভাগ অংশ নদে চলে গেছে। বাকি কিছু জায়গা এখনো আছে।

এলাকাবাসী বলেন, ৮ থেকে ১০ বছর ধরে ভাঙনে উত্তরপাড়া বিলীন হয়ে গেছে। চলতি মৌসুমে ১০–১৫ দিন আগে আবার নদে ভাঙন শুরু হয়েছে।

কৃষ্ণনগর গ্রামের আবু তালেব জানান, গড়াই নদটি অনেকটা উত্তরে বড়ুরিয়া মৌজায় ছিল। ধীরে ভাঙতে ভাঙতে দক্ষিণে কৃষ্ণনগর গ্রামের মধ্যে চলে এসেছে। তাঁদের বসতবাড়ি বড়ুরিয়ায় ছিল। এখন সেখানে চর জেগেছে। তাঁদের বাড়িঘর নদে চলে যাওয়ায় তাঁরা বাঁচার জন্য আরও দক্ষিণে সরে বড়ুরিয়া ছেড়ে কৃষ্ণনগর গ্রামে বসতবাড়ি গড়ে তুলেছেন। এখন সেই কৃষ্ণনগর গ্রামটিও ভাঙনের মুখে পড়েছে।

উত্তরপাড়ার আবদুর রহিম মণ্ডল বলেন, তিনি বসতবাড়ির জায়গা পাল্টেছেন ছয়বার। তাঁর আট বিঘা জমি ছিল। বাড়িতে গরু-ছাগল ছিল। সব হারিয়ে এখন অন্যের জমিতে কৃষিশ্রমিকের কাজ করেন। এখন ৪০ পরিবারের মধ্যে তিনিসহ আবদুল মালেক, আবু তালেব, আশরাফুল ইসলাম ও হাসান আলীর পরিবার রয়েছে।

উত্তরপাড়া শেষ হয়ে গেছে, এবার মাঝেরপাড়া নদের গর্ভে চলে যাবে। এখনই স্থায়ী বাঁধ না দিলে একটা সময় গোটা গ্রামই বিলীন হবে।
নজরুল ইসলাম, মাঝেরপাড়ার বাসিন্দা

আবদুল মালেক বলেন, রাতে ঘুমানোর পর মাঝেমধ্যে ভয়ে জেগে ওঠেন। ঘরের বাইরে বের হয়ে দেখেন, সবকিছু ঠিকঠাক আছে কি না। একবার রাতে নদের ভাঙনে ঘরের খুঁটির নিচে থেকে মাটি সরে গিয়েছিল। ভয়ে স্ত্রী-সন্তান নিয়ে বাকি রাতটুকু রাস্তায় বসে ছিলেন।

মাঝেরপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, উত্তরপাড়া শেষ হয়ে গেছে, এবার মাঝেরপাড়া নদের গর্ভে চলে যাবে। এখনই স্থায়ী বাঁধ না দিলে একটা সময় গোটা গ্রামই বিলীন হবে।

সারুটিয়া ইউপির চেয়ারম্যান মাহমুদুল হক জানান, কৃষ্ণনগর গ্রামের মানুষকে বাঁচাতে স্থায়ী বাঁধ প্রয়োজন। এ ব্যাপারে তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন, কিন্তু লাভ হয়নি।

পানি উন্নয়ন বোর্ডের শৈলকুপা শাখা কর্মকর্তা বিকর্ণ দাস বলেন, ঝিনাইদহ অংশে ২০ কিলোমিটার গড়াই নদ রয়েছে। গত বর্ষা মৌসুমে বড়ুরিয়া এলাকায় কিছু কাজ করিয়েছেন তাঁরা। এ ছাড়া নদের পাড়ের মানুষদের রক্ষায় বড়ুরিয়া, কৃষ্ণনগর ও লাঙ্গলবাঁধ এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হবে।