ভাঙনের ভয়ে কার্যালয়ে বসেন না ইউপি চেয়ারম্যান

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত চেঙ্গী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিচের অংশ। আজ শনিবারের ছবি।ছবি: জয়ন্তী দেওয়ান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদ থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের দূরত্ব বড়জোড় ১০ ফুট। ভবনের একপাশের গোড়ার মাটি সরে গেছে। ফাটল ধরেছে চেয়ারম্যানের কক্ষসহ কয়েকটি কক্ষে। কখন ভেঙে পড়ে, এই ভয়ে কার্যালয়ে বসেন না চেয়ারম্যান। দাপ্তরিক কাজ সারেন ১০০ গজ দূরের পুজগাং বাজারের দোকানগুলোতে বসে। এই চিত্র খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ২ নম্বর চেঙ্গী ইউপির। পুজগাং নদের ভাঙনের মুখে পড়েছে ইউপি ভবনটি।

ইউপি কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে চার কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা ইউপি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে একটি কক্ষে ঝুঁকি নিয়ে প্রতিদিন অফিস করেন কর্মকর্তা ও কর্মচারীরা।

২ নম্বর চেঙ্গী ইউপির চেয়ারম্যান কালাচাঁদ চাকমা বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর ছয় মাস আমার কক্ষে বসেছি। এরপর ভবনের নিচের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বসতে পারছি না। যেকোনো মুহূর্তে ভবনটি নদে বিলীন হতে পারে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে। তবে কোনো সাড়া মেলেনি। ফলে দিন দিন ভাঙন বাড়ছে।’

সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যানের কক্ষের নিচের অংশ ভেঙে গেছে। এ ছাড়া নদের পাড়ের শশাঙ্ক কার্বারমোহনপাড়া, চন্দ্র কার্বারীপাড়া, পুজগাংমুখসহ ছয়টি গ্রাম ভাঙনের ঝুঁকিতে আছে। এসব এলাকার লোকজন ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে।

স্থানীয় লোকজনের ভাষ্য, প্রতিবছর বর্ষায় পাহাড়ি ঢল নামায় অব্যাহতভাবে ভাঙছে পুজগাং নদ। নদের গর্ভে বিলীন হয়ে গেছে ফসলি জমি ও ঘরবাড়ি। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে আছে আরও অনেক বসতঘর।
স্থানীয় বাসিন্দা অমরজিৎ চাকমা ও অমরেন্দু চাকমা বলেন, গত ১৫ বছরে পুজগাং নদের ভাঙনের ফলে তীরের অর্ধশতাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও ফলের বাগান তলিয়ে গেছে। ঘরবাড়ি নদে ভেঙে যাওয়ায় অনেকে বসতি গড়েছেন অন্য জায়গায় গিয়ে। অনেকে জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ না নিলে অনেক পরিবার উদ্বাস্তু হবে।

খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি কার্যালয়ের উপপরিচালক নুরুল আফসারী আজাদ বলেন, ভাঙন রোধে খাগড়াছড়ি জেলায় বিভিন্ন নদ–নদী খনন, প্রতিরক্ষামূলক কাজ, মহালছড়ির দাককুপ্প্যা রাবার ড্যামের জন্য ৬৪০ কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।