ভাঙা কালভার্টে ভোগান্তি

সাইকেল-রিকশা নিয়ে পার হতে গিয়ে কাদাপানিতে একাকার হতে হচ্ছে। ২০ গ্রামের মানুষের ভোগান্তি।

সড়কে কালভার্ট ভাঙা থাকায় ভ্যান থেকে নেমে যাত্রীরা পার হচ্ছেন। গত শনিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাফখোলা গ্রামেপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পাশে পাকা রাস্তার কাজ শেষ হয়েছে প্রায় এক বছর। মধ্যখানে ভাঙা কালভার্ট। আগে থেকেই সেখান দিয়ে ভারী ও পণ্যবাহী যানবাহন পার হতে পারত না। বর্ষা মৌসুমে সাইকেল-রিকশা নিয়ে পার হতে গিয়ে কাদাপানিতে একাকার হতে হচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার ২০ গ্রামের মানুষকে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাফখোলা গ্রামে কালভার্টটির অবস্থান। সদর উপজেলার গোয়ালপাড়া বাজার থেকে আশুরহাট হয়ে শৈলকুপা শহরে যেতে কালভার্টটি পার হতে হয়।

স্থানীয় লোকজন বলেন, সড়ক পাকাকরণের সময় তাঁরা ভেঙে পড়া ছোট কালভার্টটি মেরামতের জন্য উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে অনুরোধ করেন। কিন্তু বাজেটে কালভার্ট নেই বলে তাঁদের জানানো হয়। ঠিকাদারও ভাঙা কালভার্ট মেরামত করেননি। ফলে সড়ক পাকা হলেও তাঁদের ভোগান্তি কমেনি।

সদর উপজেলার গোয়ালপাড়া বাজার থেকে একটি রাস্তা পোড়াবাকড়ি হয়ে হরিশংকরপুর পেরিয়ে হাট গোপালপুর সড়কে মিলেছে। আর শৈলকুপা উপজেলা শহর থেকে আরেকটি সড়ক এমপি মোড় হয়ে আশুরহাট পেরিয়ে গোয়ালপাড়ায় মিলেছে। এ দুটি সড়কের সংযোগ সড়ক রয়েছে আশুরহাট বাজার থেকে পোড়াবাকড়ি ত্রিমোহনী পর্যন্ত। যার দূরত্ব প্রায় তিন কিলোমিটার। এই তিন কিলোমিটার সড়ক পেরিয়ে ঝিনাইদহ ও শৈলকুপা দুই উপজেলার ফলিয়া, নাকোল, মনোহরপুর, পিড়াগাতি, ভিক্ষাকর, কচুয়া, মলমলি, বাকড়ি, পরানপুর, শীতারামপুর, কোদালীয়াসহ প্রায় ২০ গ্রামের মানুষ চলাচল করে। সদর উপজেলার গোয়ালপাড়া, হাট গোপালপুর আর শৈলকুপা উপজেলার ভাটইবাজার ও বাগুটিয়া হয়ে মূল শহরে যেতে হয়। কিন্তু এই তিন কিলোমিটার সড়কের সাফখোলা গ্রামের মধ্যে জিকে সেচ প্রকল্পের খালের ওপর কালভার্টটি দীর্ঘদিন ভেঙে পড়ে আছে।

সাফখোলা গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, এক বছর আগে গ্রামের মধ্য দিয়ে যাওয়া তিন কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। এই রাস্তা করার সময় উপজেলা প্রকৌশল দপ্তরের যেসব কর্মকর্তা এসেছেন, তাঁদের সবাইকে জানিয়েছি, কালভার্টটি মেরামত করা না হলে বর্ষা মৌসুমে যানবাহন ও পথচারীরা চলাচল করতে পারবে না। কিন্তু তাঁরা তাঁর কথার কোনো গুরুত্ব দেননি। তাঁরা রাস্তা পাকা করার কাজ শেষ করে চলে গেছেন। বর্ষা মৌসুমে কালভার্টের ওপর হাঁটুসমান কাদা জমে যাচ্ছে। হেঁটেও ওই স্থান পার হওয়া কষ্টকর।

আমির হোসেন বলেন, আগে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করত এই সড়কে। গত তিন মাস রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচলও প্রায় বন্ধ রয়েছে। মাঝেমধ্যে দু–একটি ভ্যান-রিকশা চলাচল করে। তখন যাত্রীদের নেমে যানবাহনকে ধাক্কা দিতে হয়।

ওই সড়কে চলাচলকারী ভ্যানচালক আছালত আলী বলেন, সামান্য ৭০ গজ রাস্তার কারণে হাজারো মানুষের ভোগান্তির শেষ নেই। কালভার্টের কারণে তাঁদের অনেক পথ ঘুরে যেতে হচ্ছে।

ওই সড়ক পাকাকরণ কাজের ঠিকাদার ছিলেন মোল্লা এন্টারপ্রাইজের মালিক শামীম হোসেন মোল্লা। তিনি বলেন, সামান্য একটি কালভার্টের কারণে গোটা রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছেন না। বিষয়টি নিয়ে তিনি এলজিইডির শৈলকুপা অফিসেও কথা বলেন। তারা জানিয়েছে, দ্রুত কালভার্টটি মেরামতের ব্যবস্থা নেবে।

এ সম্পর্কে উপজেলা প্রকৌশলী রওশন হাবিব বলেন, উপজেলার বেশ কয়েকটি রাস্তার কালভার্টের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি প্রস্তাব সংস্থার প্রধান কার্যালয়ে পাঠিয়েছেন। এর মধ্যে ওই সাফখোলা গ্রামের কালভার্টের কথাও রয়েছে। বিষয়টি দ্রুত অনুমোদিত হয়ে এলে কালভার্টটি মেরামত করার কাজ শুরু হবে।