ভাঙাচোরা, নোংরা সড়কে অপরিসীম দুর্ভোগ

দৈনিক কয়েক কোটি টাকার বেচাকেনা হয় নগরের সবচেয়ে বড় এই পাইকারি বাজারে। কয়েক হাজার লোক প্রতিদিন কেনাকাটা করতে আসেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙাচোরা ও অপ্রশস্ত রাস্তাঘাট, যানজট, বিশুদ্ধ পানি ও শৌচাগার–সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ, অল্প বৃষ্টিতেই তৈরি হয় কাদা। সমস্যার এই চিত্র সিলেট নগরের সবচেয়ে বড় পাইকারি বাজারের। নগরের কালীঘাট, ডাকবাংলা রোড, আমজাদ আলী রোড, শাহ চট রোড, পেঁয়াজপট্টি, মরিচপট্টি, চালপট্টি, লালদীঘির পাড় ও মহাজনপট্টি এলাকাজুড়ে এ পাইকারি বাজারের অবস্থান।

ব্যবসায়ীরা জানিয়েছেন, চাল, ডাল, মসলা, তেল, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়াও এখানে নানা ধরনের গৃহস্থালি সামগ্রী কিনতে পাওয়া যায়। তাই দিনভর পাইকারি বাজারে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততার শেষ নেই। কয়েক হাজার লোক এখানে প্রতিদিন কেনাকাটা করতে আসেন। দৈনিক গড়ে কয়েক কোটি টাকার বেচাকেনা চলে। এ ছাড়া লালদীঘির পাড় এলাকাতেই ২৫ থেকে ৩০টি ব্যাংকের শাখা রয়েছে। তবে এখানে পথ চলতে রয়েছে পদে পদে দুর্ভোগ। দীর্ঘদিন ধরে নানা ধরনের সংকট জিইয়ে থাকলেও সেসব সমাধানে স্থায়ী কোনো উদ্যোগ নেই। ফলে নানা সমস্যায় ধুঁকছে সিলেটের বৃহৎ এই পাইকারি বাজার।

রোববার দুপুরে সরেজমিন দেখা গেছে, লকডাউন থাকায় পোশাকের দোকানগুলো বন্ধ থাকলেও মুদিদোকানগুলো খোলা। ট্রাক, পিকআপ, ঠেলাগাড়ি, রিকশাসহ বিভিন্ন যানবাহনের সারি ছিল। যানজটও ছিল। ভাঙাচোরা আমজাদ আলী রোড দিয়ে যানবাহন চলছে ধীরগতিতে। টানা কয়েক দিনের বৃষ্টিতে কাদায় একাকার হয়ে আছে কালীঘাট, আমজাদ আলী রোড, শাহ চট রোড ও মহাজনপট্টি এলাকা। কালীঘাট ও লালদীঘির পাড়ের সংযোগস্থলে সিটি করপোরেশনের যে ভাগাড় (ডাস্টবিন) আছে, সেটির আশপাশে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে।

কালীঘাট এলাকার ব্যবসায়ী নিলাঞ্জন দাশ বললেন, অনেক ব্যবসায়ীই সচেতন নন। রাস্তার ওপরে অনেকে মালপত্র রেখে যানজটের সৃষ্টি করছেন। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছেন। যদিও পুরো এলাকার জন্য রয়েছে মাত্র একটি ডাস্টবিন। সব সময় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকলেও সেসব নিয়মিত পরিষ্কার করা হয় না। কিছু কিছু অব্যবস্থাপনা ইচ্ছে করলে ব্যবসায়ীরা নিজেরাই দূর করতে পারতেন। কিন্তু অনেক ব্যবসায়ী কেবল ব্যবসাটাকেই প্রধান্য দিচ্ছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, লকডাউনের কারণে তীব্র যানজট না থাকলেও অপ্রশস্ত রাস্তাঘাটের কারণে এখানে প্রতিদিনই যানজট থাকে। এ ছাড়া বিশুদ্ধ খাওয়ার পানির জন্য এখানে কোনো নলকূপ নেই। ফলে চাহিদা মেটাতে ব্যবসায়ীদের পানি কিনতে হয়। কোনো গণশৌচাগার না থাকায় ক্রেতা ও বিক্রেতাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। বাধ্য হয়েই কয়েকটি মসজিদের শৌচাগার ব্যবহার করতে হয়।

লালদীঘির পাড় এলাকার দুজন ব্যবসায়ী জানান, বিকেলে তাঁদের এলাকার মূল সড়ক দখল করে শতাধিক হকার সবজি, ফলসহ নানা ধরনের পসরা নিয়ে বসেন। এ সময় যানজট আরও চরমে পৌঁছে। আবার পাইকারি বাজারজুড়ে কোনো ধরনের পার্কিং ব্যবস্থা না থাকায় বাজার ও ব্যাংকে আসা লোকজন তাঁদের যানবাহন মূল সড়কেই রাখছেন। এতে যানজট আরও বাড়ছে। তবে এখন লকডাউনের ফলে যানজট তুলনামূলক কম।

পাইকারি বাজার ব্যবস্থাপনার জন্য ১৯৮৯ সালে সিলেট ব্যবসায়ী সমিতি নামের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এ সংগঠনের সভাপতি হিসেবে রয়েছেন জিয়াউল হক। তিনি জানান, পুরো পাইকারি বাজারে অন্তত সাড়ে তিন হাজার দোকান আছে। এখানে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। তবে সমিতির উদ্যোগে ১৬ জন লোক নিয়োগ দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় এখানকার যানজট সহনীয় রাখতে কাজ করা হচ্ছে। অন্যান্য সমস্যা সমাধানেও সমিতি নিরন্তর চেষ্টা করছে।

স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বড় বাণিজ্যিক এলাকা হওয়ায় প্রতিদিন প্রচুর মানুষ আসে এ এলাকায়। এতে এলাকাটি অপরিচ্ছন্ন থাকে সব সময়। তবে পাইকারি বাজারটি পরিচ্ছন্ন রাখতে সব সময় সিটি করপোরেশনের চেষ্টা থাকে। ব্যবসায়ী সমিতি যেভাবে নিজস্ব ব্যবস্থাপনায় ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করছে, সেভাবে ময়লা-আবর্জনাও নিয়মিত পরিষ্কার রাখা যায় কি না, ভাবা হচ্ছে।

কাউন্সিলর আরও বলেন, কালীঘাটসহ পাইকারি বাজারের এলাকাগুলোর অপ্রশস্ত রাস্তাঘাট বড় করার সুযোগ খুব একটা নেই। কারণ, সেখানে রাস্তা বড় করতে চাইলে অধিকাংশ দোকানপাটই বিলীন হয়ে যাবে। এ ছাড়া অন্যান্য সমস্যা কীভাবে সিটি করপোরেশনের মাধ্যমে সমাধান করা যায়, সেটি পর্যালোচনা করা হচ্ছে। এরই মধ্যে ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কারে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।