
সেতুর দুই পাশের রেলিং ভেঙে গেছে প্রায় তিন বছর আগে। এক পাশে সৃষ্টি হয়েছে গর্ত। হেলে পড়েছে ইটের পিলার। এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইছামতী-দুল্লভেরপাড়া সড়কের নাথপাড়ার সেতুটির এখন এই হাল।
৫ মার্চ সরেজমিনে দেখা গেছে, ২০ ফুট লম্বা ও ১২ ফুট চওড়া সেতুটি জরাজীর্ণ হয়ে গেছে। হেলে পড়া পিলারে দেখা দিয়েছে ফাটল। মাঝামাঝি অংশে হ্যাঁ হয়ে আছে গর্ত। ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে চলাচল করছে অটোরিকশা ও রিকশা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৪০ বছর আগে ইছামতী খালের ওপর সেতুটি তৈরি করা হয়। এই সেতু দিয়ে ইছামতীরকূল, নাথপাড়া, দুল্লভেরপাড়া, হোছননগর, গোয়াজরপাড়া ও সাম চৌধুরীপাড়ার লোকজন চলাচল করে।
ইছামতীরকূল এলাকার বাসিন্দা মো. এনামুল হক ও দুল্লভেরপাড়ার মো. নাজিম উদ্দিন বলেন, সেতুর এই অবস্থার কারণে ছয়-সাত বছর ধরে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। কোনো বিকল্প না থাকায় ছয় গ্রামের বাসিন্দারা প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতুটির ওপর দিয়ে চলাচল করছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেলিম উদ্দিন চৌধুরী বলেন, সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই জরুরি ভিত্তিতে সেতুটি পুনর্নির্মাণ করা দরকার। সেতু ভাঙা হওয়ার কারণে অনেক অটোরিকশার চালক এই পথে আসতে চান না।
সিএনজিচালিত অটোরিকশার চালক আবু তাহের বলেন, ‘নাথপাড়া এলাকার সেতুটি নড়বড়ে। গাড়ি নিয়ে সেতু পার হওয়ার সময় ভয়ে ভয়ে থাকি।’
জানতে চাইলে সাতকানিয়া পৌরসভার প্রকৌশলী বিশ্বজিৎ দাশ বলেন, ‘জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দারা সেতু ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি জানিয়েছেন। মেয়রসহ আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখেছি, সেতুটি অনেক আগেই জরাজীর্ণ হয়ে পড়েছে।’
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, ‘ওই এলাকায় সেতু পুনর্নির্মাণের ব্যাপারে মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। আশা করছি, আগামী অর্থবছরে বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ পাওয়ামাত্রই সেতুটির পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে।’