ভাঙ্গায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী প্রকৌশলীর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া প্রকৌশলীর নাম কে এম কামরুল আহসান (৪০)। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভাঙ্গা উপজেলা কার্যালয়ের উপসহকারী ছিলেন। তিনি ফরিদপুর শহরের টেপাখোলা বিশ্বাসপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বাসার বলেন, আজ সকালে ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে ভাঙ্গায় কর্মস্থলে আসার সময় বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৮৭৯৯) প্রকৌশলী কামরুল আহসানের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
কামরুলের চাচা রফিকুল ইসলাম বলেন, কামরুল তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। তাঁর ১২ বছর বয়সী এক মেয়ে ও ৮ বছর বয়সী এক ছেলে আছে।