ভাঙ্গায় তারেক মাসুদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ শুক্রবার। এ উপলক্ষে তারেক মাসুদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা বলেছেন, তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র বাঙালি মানসে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে সাহায্য করে।
তারেক মাসুদ ফাউন্ডেশন ও ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন, তারেক মাসুদ ফাউন্ডেশনের আহ্বায়ক ও ভাঙ্গা কে এম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, তারেক মাসুদের বাল্যবন্ধু আশরাফ মাতুব্বর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আমিন, শরীয়তপুরের সহকারী শিক্ষা কর্মকর্তা মাতুব্বর তোফায়েল আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা উদীচীর সভাপতি মিঞা মো. বেনজীর আহমদ প্রমুখ।
ইউএনও আজিম উদ্দিন বলেন, শোকের মাসে তারেক মাসুদের মৃত্যু আরেকটি শোক হয়ে যুক্ত হয়। তাঁর প্রতিটি চলচ্চিত্র বাঙালি মানসের চেতনা তুলে ধরে। ‘মাটির ময়না’ ছবিতে তিনি উনসত্তরের গণ–অভ্যুত্থান থেকে শুরু করে ১৯৭১ সালের ২৬ মার্চের সময়কাল তুলে ধরেছেন। ‘রানওয়ে’ নামের চলচ্চিত্রে দেখিয়েছেন জঙ্গিবাদ একটি রাষ্ট্রকে কীভাবে বিপথগামী করে তোলে।
সভাপতির বক্তব্যে মোসায়েদ হোসেন ঢালী বলেন, ভাঙ্গায় তারেক মাসুদ কমপ্লেক্স নির্মাণ করা জরুরি। এ কমপ্লেক্সে লাইব্রেরি থাকবে, চলচ্চিত্রবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
আলোচনা সভায় তারেক মাসুদের মা নূরুননাহার মাসুদ উপস্থিত থাকলেও তিনি বক্তব্য দেননি। আলোচনা সভার আগে তারেক মাসুদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’ সিনেমার শুটিং স্পট দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হন তারেক মাসুদ। এ ঘটনায় গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীর ও আরও তিনজন নিহত হন।