ভাঙ্গায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। আজ উপজেলার আলগী ইউনিয়নে
ছবি: প্রথম আলো

ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। এ সময় দুটি বাড়িতে অগ্নিসংযোগ এবং তিনটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ শটগানের গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা ও সোনাখোলা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই এলাকায় বর্তমানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিত নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, দুই গ্রামে থানা-পুলিশের পাশাপাশি ফরিদপুর জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে বলে মন্তব্য করেন তিনি।

পুলিশ ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই গ্রামের মাঝামাঝি একটি মাঠে ক্রিকেট খেলা নিয়ে ১৫ দিন আগে দুই গ্রামের তরুণদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে গত এক সপ্তাহে সোনাখোলা গ্রামের কয়েকজনের হাতে হামলার শিকার হন বালিয়াচরা গ্রামের কলেজছাত্র আল-আমিন (২২) ও মিনহাজ শেখ (২২)। হামলার পর থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলছে।

পুলিশ শটগানের গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
ছবি: প্রথম আলো

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বালিয়াচরা গ্রামের বাসিন্দাদের উপজেলা সদরে যেতে হলে সোনাখোলা গ্রামের ওপর দিয়ে চলাচল করতে হয়। এ নিয়ে কয়েক যুগ ধরে সোনাখোলা গ্রামের বাসিন্দাদের সঙ্গে বালিয়াচরা গ্রামের বাসিন্দাদের বিরোধ চলছে। ক্রিকেট খেলার ওই ঘটনার জের ধরে আজ সকাল আটটার দিকে দুই গ্রামের কয়েক শ বাসিন্দা ঢাল, সড়কি, রামদাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় বালিয়াচরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের বাড়িসহ আকাশ মুন্সী, হান্নান শেখের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ছাড়া বালিয়াচরা গ্রামের হাবুল মাতবর ও গফফার শেখের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছোট ভাই এ টি এম ফরহাদ নান্নু বলেন, ‘আমাদের বাড়িতে সোনাখোলার লোকজন এসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।’ ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদার বলেন, ‘সংঘর্ষের ঘটনা থেকে ওই এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি, এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে এনেছেন।’

সংঘর্ষের সময় দুটি বাড়িতে অগ্নিসংযোগ এবং তিনটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

সংঘর্ষে দুই পক্ষের রুবেল, জালাল, সালেহা বেগম, খোকন মুন্সি, রাজ্জাক শেখ, ওমর আলী মোল্লা, ইমরান মাতবর, এনামুল শেখ, লালন হরকরা, রমজান শেখ, হিট মাতবর, মিজানুর মুন্সি, বোরহান শেখ, জাকির, বিল্লালসহ অন্তত ৩৩ জন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ব্যক্তিদের বেশির ভাগই ইটের আঘাতে আহত হয়েছেন। তবে আহত ব্যক্তিদের অনেকে আটকের ভয়ে কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাননি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী আক্তারুজ্জামান জানান, সংঘর্ষে আহত তিনজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি শটগানের গুলি, ১০টি কাঁদানে গ্যাসের সেল ও ২টি সাউন্ড গ্রেনেড ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি বলেন, এ বিষয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।