ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে বাসশ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙ্গার পুখুরিয়া, ভাঙ্গা বাজার স্ট্যান্ড, চুমুরদী বাবলাতলা এলাকায় মিনিবাস শ্রমিকেরা রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ করেন
ছবি: প্রথম আলো

গোপালগঞ্জ জেলায় ফরিদপুরের মিনিবাস ঢুকতে না দেওয়ার প্রতিবাদে ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাসশ্রমিকেরা। এতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।

বাসমালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর জেলা শহর থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট পর্যন্ত ৫০ কিলোমিটার পথে দীর্ঘদিন ধরে ফরিদপুর থেকে লোকাল বাস চলাচল করে। এ সড়কের শেষ প্রান্তে বরইতলা থেকে টেকেরহাট পর্যন্ত ১৪ কিলোমিটার পথ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নে পড়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুরের মিনিবাস মুকসুদপুরের বরইতলা এলাকায় পৌঁছালে মুকসুদপুর-বরইতলা আঞ্চলিক সড়কের পরিবহনশ্রমিকেরা বাধা দেন।

এরপর ভাঙ্গার পুখুরিয়া, ভাঙ্গা বাজার স্ট্যান্ড, চুমুরদী বাবলাতলা এলাকায় মিনিবাস শ্রমিকেরা রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ করেন। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে ফরিদপুর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোবাহান মুন্সী বলেন, আবহমানকাল ধরে ফরিদপুর থেকে টেকেরহাট পর্যন্ত লোকাল বাস চলাচল করে। গতকাল সোমবার মুকসুদপুর-বরইতলা আঞ্চলিক সড়কের মিনিবাস মালিক সমিতি জানিয়ে দেয়, ফরিদপুরের মিনিবাস তাদের জেলার ওপর দিয়ে টেকেরহাট যেতে দেবে না। পরদিন মঙ্গলবার সকালেই ফরিদপুর থেকে মিনিবাস টেকেরহাট যাওয়ার পথে বরইতলা এলাকায় আটকে দেওয়া হয়। এর প্রতিবাদে ফরিদপুরের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।
সোবাহান মুন্সী অভিযোগ করেন, মুকসুদপুর-বরইতলা আঞ্চলিক মালিক সমিতির কোনো বৈধতা নেই। কেন না, মালিক সমিতি জেলায় হয়, উপজেলায় হয় না।

মুকসুদপুর-বরইতলা আঞ্চলিক মিনিবাস মালিক সমিতির সভাপতি ও মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া বলেন, মিনিবাসের নিয়ম হচ্ছে স্ব-স্ব জেলায় চলবে। ফরিদপুরের মিনিবাস মুকসুদপুরের ১৪ কিলোমিটার পথ ব্যবহার করে টেকেরহাট পর্যন্ত যায়। দীর্ঘদিন ধরে তাঁদের বলে আসছিলেন, ফরিদপুরের সীমানা পর্যন্ত থাকার জন্য। কিন্তু তাঁরা টালবাহানা করে সময়ক্ষেপণ করেছেন। সোমবার তাঁদের জানিয়ে দেওয়ার পরও মঙ্গলবার সকালে ফরিদপুরের মিনিবাস মুকদুসপুরের সীমানায় এলে ঘুরিয়ে দেওয়া হয়। এরপর তাঁরা নাকি সড়ক অবরোধ করেছেন।

গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামিল সরোয়ার বলেন, ১৩ ফেব্রুয়ারি ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুরের পুলিশ সুপার ও বাস মালিক সমিতির নেতাদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, বাস চলাচল নিয়ে সমস্যা হয়েছিল। সড়কে অবরোধের সৃষ্টি হয়েছিল। বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে আলাপ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।