ভাঙ্গায় মামলা দায়েরের ১২ ঘণ্টায় অভিযোগপত্র দিল পুলিশ
ফরিদপুরে এবার একটি মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টায় ভাঙ্গা থানায় জুয়া আইনে ওই মামলা হয়।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে ভাঙ্গা থানার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে জনৈক মান্নান ব্যাপারীর বসতঘর–সংলগ্ন মেহগনিবাগানে কয়েকজন জুয়া খেলছিলেন। খবর পেয়ে ওই মেহগনিবাগানে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলার অভিযোগে হিরালদী গ্রামের মো. মনির খান (৪০), তারাইল গ্রামের রুহুল আমিন (৪০), সালাউদ্দিন হাওলাদার (৪০), দেউড়া গ্রামের আশিক ব্যাপারী (২৫), সোনামুখীর চর গ্রামের রুবেল শরীফ (২৪) ও জাঙ্গালপাশা গ্রামের এনায়েত মিয়াকে (৪২) গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) তাহসিনুর রহমান বাদী ভাঙ্গা থানায় জুয়া আইনে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হওয়া ছয়জনকে আসামি করা হয়।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই জয়ন্ত চৌধুরী বুধবার বেলা সোয়া ১১টায় আদালতে অভিযোগপত্র জমা দেন। এর আগে গত ২৪ মে সদরপুর থানায় সড়ক দুর্ঘটনার ঘটনায় একটি ঘটনায় মামলা দায়েরের ১৯ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়ন্ত চৌধুরী বলেন, এ মামলার ছয়জন আসামির বিরুদ্ধে আদালতে বেলা সোয়া ১১টায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এরপর ওই আসামিদের দুপুর ১২টার দিকে ভাঙ্গা থানা থেকে ফরিদপুরের ৩ নম্বর আমলি আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম বলেন, এ মামলার অভিযোগপত্রভুক্ত ছয় আসামিকে বুধবার সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। আসামিরা আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।