ভাঙ্গায় মোটরসাইকেলের পথ রোধ করে দুই যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মোটরসাইকেল আরোহী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামে ফলজা মাতুব্বর ও জাহাঙ্গীর মাতুব্বরের বাড়ির মাঝামাঝিতে ভাঙ্গার নওপাড়া থেকে তুজারপুরের উত্তর বাজারগামী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে সলেমান শরিফ (৩৫) জান্দী গ্রামের মৃত গোপাল শরিফের ছেলে। সলেমান বিবাহিত এবং দুই মেয়ের বাবা। নিহত অপর ব্যক্তির নাম কামরুল মাতুব্বর (৩২)। তিনি একই গ্রামের মৃত কামাল মাতুব্বরের ছেলে। তিনি বিবাহিত এবং তাঁর ১৮ বছর বয়সী একটি ছেলে আছে। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

হামলার ঘটনায় আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক আমীরুল মাতুব্বর (৪০)। তিনি জান্দী গ্রামের বাসিন্দা মৃত মনিরউদ্দিন মাতুব্বরের ছেলে। তবে তাঁর আঘাত গুরুতর নয়। তাঁকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত কামরুলের স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষের নেতৃত্ব দেন নিহত কামরুল মাতুব্বর এবং অপর পক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের বাসিন্দা রুহুল মাতুব্বরের ছেলে জামাল মাতুব্বর (৪০)। কামরুলের বাবা মৃত কালাম মাতুব্বর আগে ওই এলাকার নেতৃত্ব দিতেন। তাঁর মৃত্যুর পর জামাল নেতৃত্ব দেওয়া শুরু করেন। বিষয়টি মেনে নিতে পারেনি কামরুল। পরে কামরুল নিজে নেতৃত্ব দেওয়া শুরু করেন।

গত বুধবার জামাল মাতুব্বরের সমর্থক শহীদ ব্যাপারী, নজরুল মোল্লা, টেপু মোল্লাসহ ১০–১২ জন কামরুলের দলে যোগ দেন। যোগদান উপলক্ষে গত বুধবার শহীদ ব্যাপারীর বাড়িতে ইফতারের আয়োজন করা হয়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে গতকাল বৃহস্পতিবার বিকেলে কামরুল ও জামালের মধ্যে স্থানীয় পোদ্দার বাজারে কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে কামরুল বাড়িতে চলে যান। রাত আটটার দিকে কামরুল আবার পোদ্দার বাজারে আসেন। তারাবিহর নামাজের পর মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ১৫–২০ জন লোক তাঁদের ওপর হামলা চালায়।

আহত আমীরুল জানান, তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। মাঝে বসা ছিলেন কামরুল এবং পেছনে ছিলেন সলেমান। ঘাতকেরা প্রথমে তাঁর চোখে টর্চের আলো ধরলে তিনি মোটরসাইকেল থামিয়ে দেন। তারপর অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে শুরু করে। তাঁদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সলেমান। পরে এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহসীনউদ্দিন ফকির জানান, আহত কামরুল মাতুব্বরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে পাঠানো হয়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়। পথে নবীনগর এলাকায় তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, আহত আমীরুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। তাঁর আঘাত গুরুতর ছিল না। তবে সকাল তাঁকে আর স্বাস্থ্য কমপ্লেক্সে খুঁজে পাওয়া যায়নি।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থলে আছেন, কীভাবে কী ঘটনা ঘটেছে, তার খবর নিচ্ছেন। তিনি বলেন, স্থানীয় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে একজন এবং ঢাকা নেওয়ার পথে একজন মারা গেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।