ভাঙ্গায় ১০ চিকিৎসকের ৮ জনই অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ৫০ শয্যার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন চিকিৎসক কর্মরত। কিন্তু জেলা সিভিল সার্জন গতকাল শনিবার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে আটজনকেই অনুপস্থিত পেয়েছেন।

সরকারি নিয়ম অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চিকিৎসক ও কর্মচারীদের থাকা বাধ্যতামূলক। দুজন প্রত্যক্ষদর্শী বলেন, সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস গতকাল শনিবার সকাল সোয়া আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি সকাল নয়টা পর্যন্ত সেখানে ছিলেন। ওই সময় ওই কমপ্লেক্সে কর্তব্যরত ১০ জন চিকিৎসকের মধ্যে শুধু চিকিৎসা কর্মকর্তা কল্যাণ সাহা ও অমিত ঘোষ উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চারজন নার্সের মধ্যে একজন এবং ২২ জন কর্মচারীর মধ্যে একজন ঝাড়ুদার ও একজন পিয়ন উপস্থিত ছিলেন। পরে সিভিল সার্জন অনুপস্থিত ৮ চিকিৎসক, ৩ জন নার্স ও ২০ জন কর্মচারীর হাজিরা খাতায় তাঁদের অনুপস্থিত দেখিয়ে স্বাক্ষর করেন।

সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস বলেন, ওই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. আবদুল্লাহ, ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান, চিকিৎসা কর্মকর্তা খান আবু দাউদ, মো. রাশিদুল হাসান, তানিন সুলতানা, দীপংকর রায়, মো. রাশেদ খান, গৌতম চন্দ্র সরকারকে পাওয়া যায়নি। আর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা অনুমতি ছাড়াই উপজেলার বাইরে অবস্থান করছেন বলে তিনি খবর পেয়েছেন।

মো. আবদুল্লাহ গতকাল বিকেল পৌনে চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সিভিল সার্জন সকাল আটটা বাজার ৫-১০ মিনিট আগেই কমপ্লেক্সে এসেছিলেন। অবশ্য সকাল নয়টার মধ্যে সব কর্মকর্তা ও কর্মচারীই কমপ্লেক্সে হাজির হয়ে যান। বিনা অনুমতিতে স্টেশনের বাইরে অবস্থান করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমার পরিবার ঢাকায় থাকে। আমি সাপ্তাহিক ছুটির দিন ঢাকাতেই থাকি। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছে।’

সিভিল সার্জন বলেন, ‘অনুপস্থিত চিকিৎসকদের শিগগিরই কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেওয়া হবে। জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত ৩ সেপ্টেম্বর সকাল সোয়া আটটার দিকে ফরিদপুরের সিভিল সার্জন জেলার বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তাসহ কর্মরত ১৬ জন চিকিৎসকের মধ্যে ১৫ জনকেই অনুপস্থিত পান।