ভাঙ্গুড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
পাবনার ভাঙ্গুড়ার মাবোলা হলদারপাড়া মহল্লায় যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী সুব্রত হালদারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নিহতের বাবা থানায় মামলা করলে পুলিশ বিকেলে সুব্রতকে গ্রেপ্তার করে।
নিহত ওই গৃহবধূর নাম মাধবী বসাক (২২)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের পরিমল বসাকের মেয়ে। গতকাল মঙ্গলবার রাতে এই হত্যার ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সুব্রতর সঙ্গে মাধবীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুব্রত ও তাঁর পরিবারের সদস্যরা মাধবীকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু মাধবীর পরিবারের আর্থিক অসংগতির কারণে তাঁরা যৌতুক দিতে ব্যর্থ হন। এ কারণে প্রায়ই সুব্রত ও তাঁর পরিবারের লোকজন মাধবীকে মারধর করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে সুব্রতর দুই প্রতিবেশী জানান, মাধবী অসুস্থ ছিলেন। গতকাল দুপুরে ভাত রান্না করতে দেরি হওয়ায় শাশুড়ি ও ননদের সঙ্গে মাধবীর ঝগড়া বাধে। একপর্যায়ে স্বামী সুব্রত তাঁদের সঙ্গে যোগ দিয়ে মাধবীকে মারধর শুরু করেন।
বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়ের ওপর অত্যাচার করা হচ্ছিল। টাকার জন্যই মেয়েটাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।নিহতের বাবা পরিমল বসাক
বিষয়টি নিয়ে সন্ধ্যায় ওই গৃহবধূকে আবার মারধর করা হলে তিনি অসুস্থ্ হয়ে পড়েন। মাধবীর চিৎকার শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে প্রবেশ করতে চাইলে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। রাতে অবস্থার অবনতি ঘটলে গুরুতর অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মাধবীর বাবা পরিমল বসাক বলেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়ের ওপর অত্যাচার করা হচ্ছিল। টাকার জন্যই মেয়েটাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
এ প্রসঙ্গে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়সাল বিন আহসান বলেন, এ ঘটনায় পরিমল বসাক বাদী হয়ে মাধবীর স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। তবে তাঁর মা ও বোন গা ঢাকা দিয়ে আছেন। মাধবীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হবে।