ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়ার পর চট্টগ্রাম মহানগরে গাড়ি ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই। প্যাডেলচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাগুলো ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দেওয়ায় যাত্রী হয়রানি বেড়েছে। এই অবস্থায় সিএনজিচালিত অটোরিকশাগুলো মিটারে চালানোর জন্য প্রশাসন উদ্যোগ নিয়েছে।
গত সোমবার চট্টগ্রাম মহানগরে সিএনজিচালিত অটোরিকশা মিটারে চালানোর জন্য মালিক ও শ্রমিক নেতাদের পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শ না মানলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। বৈঠকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ছাড়াও সিটি করপোরেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত বসানোর আগেই ইতিমধ্যে ট্রাফিক পুলিশ যানবাহন আইনে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। মঙ্গলবার দিনভর নগরে আট শতাধিক সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবারও মামলা হয়েছে। সব মিলিয়ে গত দুদিনে মামলার সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।
মিটারে অটোরিকশা না চালিয়ে যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করার কারণে পুলিশ প্রশাসন যানবাহন আইনে মামলাগুলো করছে। নতুন করে মিটার সংযোজন না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে নগরে প্যাডেলচালিত রিকশার সংখ্যা বেড়েই চলছে। কিন্তু যাত্রীভাড়া কমছে না। ব্যাটারিচালিত রিকশা বন্ধের আগে যে হারে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হতো, তা এখন ৩৫ থেকে ৫০ শতাংশ বেড়ে গেছে। রিকশাচালকেরা নিজেদের মতো ভাড়া নিচ্ছেন। রিকশার মালিকেরাও দৈনিক জমার হার বাড়িয়ে দিয়েছেন বলে কয়েকজন চালক প্রথম আলোর কাছে অভিযোগ করেন। দৈনিক জমা আগে ছিল সর্বোচ্চ ১০০ টাকা। তা বাড়িয়ে ১২০ থেকে ১৫০ টাকা করা হয়েছে। চালকেরা এই কারণে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছেন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম নগরে ৭০ হাজার রিকশার লাইসেন্স আছে। একটি রিকশার বাৎসরিক ফি ৭০ টাকা। আমরা জানি, মালিকপক্ষ দৈনিক সর্বোচ্চ ১০০ টাকা করে জমা নেয়। দৈনিক জমার হার বেড়ে গেলে ভাড়া নিয়ে নৈরাজ্য হতে পারে। তাই রিকশামালিকদের ডেকে দৈনিক জমার হার ১০০ টাকা করে নিতে পরামর্শ দেব। কোনো চালক এর বেশি জমা দিতে পারবে না।’
মামলা: মিটারে সিএনজিচালিত অটোরিকশা না চালানোর কারণে চট্টগ্রাম নগর পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে মিটার লাগানোর তাগাদা দেওয়া হচ্ছে। এ জন্য গতকাল বুধবার ও আগের দিন এক হাজারের বেশি অটোরিকশার বিরুদ্ধে যানবাহন আইনে মামলা করেছে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশা মিটারে চলবে। এ জন্য আমরা সাঁড়াশি অভিযান শুরু করেছি, যাতে যাত্রীদের কাছ থেকে গলাকাটা ভাড়া আদায় বন্ধ হয়।’
সোমবারের বৈঠকে অটোরিকশার মালিক ও শ্রমিকেরা ২০১১ সালে প্রণীত ভাড়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন। কারণ, গ্যাসের দাম দুই দফা বেড়েছে। তাঁরা নতুন ভাড়া প্রণয়নের দাবি জানান। পুলিশ প্রশাসন তাঁদের দাবি সরকারের কাছে পাঠাবে। কিন্তু নতুন ভাড়া প্রণীত হওয়ার আগে ২০১১ সালের হারে ভাড়া নেওয়ার জন্য পুলিশ প্রশাসন তাঁদের পরামর্শ দিয়েছে। তারই অংশ হিসেবে এই অভিযান চলছে।
চট্টগ্রাম সিএনজিচালিত-বেবিট্যাক্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক এস কে সিকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা উন্নতমানের মিটার লাগাতে চাই।
সরকার আমাদের মিটার আমদানির অনুমতি দিলে ভালো হয়। এ জন্য আমাদের একটু সময় দিতে হবে।’
সিকদার আরও বলেন, ‘যাত্রীদের কাছ থেকে অটোরিকশার চালকেরা গলাকাটা ভাড়া আদায় করছেন, যার ভুক্তভোগী আমি নিজেই। ৪০ টাকার ভাড়া ওঁরা আমার কাছ থেকে ১০০ টাকা নিয়েছেন। মিটারে গাড়ি চললে যাত্রীদের দুর্ভোগ কমবে।’
চট্টগ্রাম নগরে এখন ১০ হাজারের মতো সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। ২০১১ সালে প্রথম দুই কিলোমিটার ২৭ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার সাত টাকা করে নির্ধারণ করা হয়।