ভাতার টাকা না পেয়ে শুধুই কাঁদছেন কিরণমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিরণমালার (৬৪) স্বামী মারা গেছেন ১০ বছর আগে। বয়স্ক ভাতাও পেয়েছেন। কিন্তু এক বছর ধরে ভাতার টাকা পাচ্ছেন না তিনি। তাঁর মুঠোফোন নম্বরে টাকা না আসায় তিনি যোগাযোগ করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ে। সেখান থেকে জানানো হয়, তাঁর মুঠোফোন নম্বরে ৬ হাজার টাকা চলে গেছে। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ওই টাকা ভুল নম্বরে (০১৩১২৭১৫৬৪৩) পাঠানো হয়েছে।

ওই কার্যালয় থেকে কিরণমালাকে নগদ মোবাইল ব্যাংকিংয়ে যোগাযোগ করতে বলা হয়। টাকা না পাওয়ায় কিরণমালা এখন শুধুই কাঁদছেন। ঘটনাটি রংপুরের বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের।

কিরণমালা বলেন, ‘বাবা, এই অফিসের (সমাজসেবা) স্যারেরা কওচে মোর টাকা নাকি ভুলোতে আরেকজনের মোবাইলোত চলি গেইচে। ওঁরা কওচে নগোতোত যোগাযোগ কইরবার। নগোতটা কী? কোনটে পাইম দেখা?’

কিরণমালার মতো উপজেলার ভাতাভোগী অনেকের টাকা অন্যের মুঠোফোন নম্বরে চলে গেছে। তাঁরা প্রতিদিন উপজেলা সমাজসেবা কার্যালয়ে ঘুরেও সমাধান পাচ্ছেন না। উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম ফারুক জবাবদিহি এড়াতে বেশির ভাগ সময়ে তাঁর কার্যালয়ে বসছেন না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

পৌর শহরের বালুয়াভাটা গ্রামের আন্দারু দাশ (৭০) ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা তুলেছেন কয়েকবার। পরে তিনি সমাজসেবা অফিসে নিজের মুঠোফোন নম্বর দেন। তাঁর ভাতার সাড়ে চার হাজার টাকাও চলে গেছে অন্য নম্বরে।

দক্ষিণ রামনাথপুর সরদারপাড়া গ্রামের সরফরাজ আলী (৮৮) এবং বুজুরুক হাজীপুর মণ্ডলপাড়া গ্রামের মোকছেদ আলীর (৭৮) বয়স্ক ভাতার টাকাও পাঠানো হয়েছে ভুল নম্বরে।

মোকছেদ আলীর ছেলে রবিউল ইসলাম বলেন, ‘এটা সমাজসেবা কর্মকর্তার বড় দুর্নীতি। ভুল দু–একটা হতে পারে। অনেক মানুষের ভাতার টাকা আরেক নম্বরে যায় কীভাবে। আমার বাবা অফিসে দিয়েছেন গ্রামীণ ফোনের নম্বর। টাকা পাঠানো হয়েছে একটেল নম্বরে। এটা কি হয়!’

কাঁচাবাড়ি গ্রামের হুমায়ুন কবীর বলেন, ‘একজনের টাকা অন্যজনের মোবাইলে চলে গেলেও সমাজসেবা অফিস বা নগদ মোবাইল ব্যাংকিং কর্মকর্তাদের কোনো মাথাব্যথা নেই।’

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ভাতাভোগীর সংখ্যা ২৮ হাজার ৩৫৭। এর মধ্যে প্রতিবন্ধী ৫ হাজার ৪৮৮, বয়স্ক ১৫ হাজার ১০৯ এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতাধারী ৭ হাজার ৭৬০ জন। এসব ভাতাভোগী আগে ব্যাংক থেকে সরাসরি টাকা তুললেও এখন নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিজ নিজ মুঠোফোনে টাকা পাঠানো হচ্ছে।

অভিযোগ রয়েছে, ওই ভাতাভোগীদের অনলাইন মোবাইল ব্যাংকিং সিস্টেমের আওতায় নিয়ে আসার পর অনেক ভাতাভোগীর নাম তালিকা থেকে বাদ পড়েছে। এ জন্য ভুক্তভোগীরা দোষারোপ করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে।

আরাজি দিলালপুর সরকারপাড়া গ্রামের হায়দার আলী সরকারের (৮৬) দুই বছর আগে বয়স্ক ভাতার কার্ড হয়। তিনি কয়েকবার ব্যাংক থেকে টাকাও তুলেছেন। তাঁর নামও বাদ পড়েছে। তাঁর ছেলে প্রধান শিক্ষক মোকতারুল ইসলাম বলেন, ‘আমার বাবার নাম কেন বাদ পড়ল, তা জানতে সমাজসেবা অফিসে কিছুদিন ধরে ঘুরছি। কারও কাছ থেকে সঠিক জবাব পাচ্ছি না।’

কাঁচাবাড়ি নাপিতপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী নিতাই চন্দ্র শীল (৩৭) বলেন, ‘১৫ বছর ধরি প্রতিবন্ধী ভাতা পাচনু। এখন আর পাওচো না। স্যারেরা কওচে তোমার নাম কাটা গেইচে।’

বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিব হোসেন ডলু শাহ বলেন, ‘আমার ইউনিয়নের দুই শতাধিক ভাতাধারীর টাকা ভুল নম্বরে পাঠানো হয়েছে। এর কোনো সমাধান দিতে পারছেন না সমাজসেবা কর্মকর্তা।’
বৃহস্পতিবার দুপুরে ওই সমাজসেবা কার্যালয়ে গিয়ে দেখা যায়, কয়েকজন নারী জটলা করছেন। এর মধ্যে লাইলী বেগম (৪৫), আমেনা (৫০), বেবি রানী (৪০) জয়ন্ত রানী (৪০), জোছনা বেগমসহ (৪০) অন্তত ৩০ জন ভাতার টাকা না পেয়ে সমাজসেবা কার্যালয়ে এসেছিলেন। এ দিন দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম ফারুক তাঁর অফিসকক্ষে ছিলেন না। দেড়টার দিকে অফিসের এক কর্মচারী জানান, ‘স্যার নামাজে গেছেন।’ আড়াইটার দিকেও তিনি একই কথা বলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম ফারুক মুঠোফোনে বলেন, ‘যাঁদের কাগজপত্রের ত্রুটি ছিল, তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এখানে আমার করার কিছুই নেই।’ একজনের টাকা আরেকজনের মোবাইলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভুল করলে নগদ করেছে। এখানে আমাদের হাত নেই।’ অফিসে অনুপস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, ‘অফিসে তো ছিলাম। হয়তো ওই সময় বাইরে ছিলাম।’

নগদ মোবাইল ব্যাংকিংয়ের রংপুর জেলার ব্যবস্থাপক ইমতিয়াজ বাশরুল পাশার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নগদ মোবাইল ব্যাংকিংয়ে একজনের টাকা অন্যজনের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি একজনের টাকা অন্যজনের মোবাইলে গিয়ে থাকে, তাহলে সমাজসেবা অফিসের ভুলের কারণে গেছে। এর দায় সমাজসেবা অফিসকেই নিতে হবে।

রংপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল মতিন বলেন, কতজন ভাতাভোগীর টাকা অন্যের মোবাইলে গেছে, এমন তথ্য ওই উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছ থেকে চাওয়া হয়েছে। সংখ্যা হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।