ভাতিজার কাছে চাচা, ছোট ভাইয়ের কাছে বড় ভাই পরাজিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলার মানচিত্র

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চাচা পরাজিত হয়েছেন ভাতিজার কাছে। চাচা তোফায়েল আহম্মেদ ওই ওয়ার্ডে টানা ২৫ বছর ইউপি সদস্য ছিলেন। এবার তিনি ভাতিজা মোফাজ্জেল হোসেনের কাছে পরাজিত হয়েছেন।

অপর দিকে দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেন আপন দুই ভাই। ভোট শেষে ছোট ভাই দিদার হোসেন মোল্লা জয়ী হন। পরাজিত হন বড় ভাই জাকির হোসেন মোল্লা।

জাকির ও দিদারের বাবা আবদুর রশিদ মোল্লাও একই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। কিন্তু তিনিও পরাজিত হন। আবদুর রশিদ মোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র বা আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হিসেবে নির্বাচন করেন।

তৃতীয় ধাপে গতকাল রোববার এই ইউনিয়নে নির্বাচন হয়। রায়পুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোরশেদ আলম জানান, তোফায়েল আহম্মেদ টানা ২৫ বছর সদস্যপদে ছিলেন। এবার তাঁর বিপক্ষে ভোটের মাঠে নামেন ভাতিজা মোফাজ্জেল হোসেন। চাচা ফুটবল আর ভাতিজা মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে ১৮ ভোট কম পেয়ে তোফায়েল আহম্মেদ পরাজিত হন।

মোফাজ্জেল হোসেন বলেন, তাঁর চাচা পরাজয় মেনে নিয়েছেন। নির্বাচিত হয়ে প্রথমে চাচার সঙ্গেই কোলাকুলি করেন। আর দক্ষিণ চরবংশী ইউনিয়নে বিজয়ী সদস্য দিদার হোসেন মোল্লা বলেন, জনগণ তাঁর বড় ভাইকে ভোট না দিয়ে তাঁকে জয়ী করেছেন।