ভাতিজার কোলে চড়ে এসে ভোট দিলেন কদভানু বেগম
কদভানু বেগম বয়সের ভারে নুয়ে পড়েছেন। অনেকটা ধনুকের মতো। হাঁটতে পারেন না। বার্ধক্যের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। পছন্দের প্রার্থীদের ভোট দিতে ইঞ্জিনচালিত ভ্যানে করে ভোটকেন্দ্রে এসেছিলেন ভাইয়ের ছেলে ও পুত্রবধুর সঙ্গে। ভ্যান থেকে ভাতিজার কোলে চড়ে সোজা ভোটকেন্দ্রে গিয়ে ভোটও দিয়েছেন।
আজ রোববার দুপুরে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের রোস্তমপুর-দাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।
কদভানু বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা।
ফুফুর ইচ্ছা পূরণ করতে আজ রোববার বেলা দুইটায় ফুফু কদভানু বেগমকে ভ্যানে করে ভোটকেন্দ্রে নিয়ে আসেন তাঁর ভাইয়ের ছেলে আবুল কালাম। এরপর সেখান থেকে তিনি ফুফুকে কোলে করে সরাসরি বুথে নিয়ে যান। কদভানু বেগম তাঁর পছন্দের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের ভোট দেন। পুনরায় তিনি ফুফুকে কোলে করে এনে ভ্যানে তোলেন। এ সময় কদভানু বেগম বলেন, ‘আল্লাহ আর কতো দিন বাঁচায়ে রাখবে জানি না। মনে হয় জীবনের শেষ ভোট দিয়ে গেলাম।’
ভাইয়ের ছেলে আবুল কালাম বলেন, ‘কদভানু বেগমের বয়স এক শ বছরেরও বেশি। তিনি চোখে দেখেন না। খুব একটা কথা বলতে পারেন না। আস্তে আস্তে কথা বলেন। কানে তেমন শোনেন না। তিনি পছন্দের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের ভোট দিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ জন্য আমরা তাঁকে সঙ্গে করে ভোট দিতে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। তিনি পছন্দের প্রার্থীদের ভোটও দিয়েছেন।’