ভান্ডারিয়ায় কুয়েতপ্রবাসীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল মিয়া
ছবি সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব ধাওয়া গ্রামে লাল মিয়া হাওলাদার (৫০) নামের এক কুয়েতপ্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাড়ির একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

লাল মিয়া ভান্ডারিয়া উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মৃত জয়নাল হাওলাদারের ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, লাল মিয়া কুয়েতে চাকরি করতেন। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার কারণে কয়েক মাস আগে তিনি বাড়ি আসেন। তিনি বাড়িতে একা থাকতেন। গতকাল সন্ধ্যায় স্থানীয় লোকজন বাড়ির পাশে পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। রাতে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে।

ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, লাল মিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি পুকুরে পড়ে গিয়ে মারা গেছেন। আজ শুক্রবার সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জেনে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লাল মিয়ার ভাগনে রিয়াজ মুন্সি অভিযোগ করেন, লাল মিয়ার সঙ্গে জমি ও পাওনা টাকা নিয়ে অনেকের সঙ্গে বিরোধ রয়েছে। ওই বিরোধের কারণে তাঁকে হত্যা করে লাশ পুকুরের পানিতে ফেলে দেওয়া হতে পারে।