ভাবির করা নির্যাতনের মামলায় ছাত্রলীগের নেতা কারাগারে
ভাবির করা নারী নির্যাতনের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের নেতা এস এম মাহবুব হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ হাজিরা দিয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. আলমগীর কবির।
এস এম মাহবুব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি। তিনি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের বাসিন্দা।
২০২০ সালের ৪ আগস্ট মাহবুবের বড় ভাই সৌদিপ্রবাসী জাকির হোসেনের স্ত্রী রেহানা আক্তার মামলাটি করেন। মামলায় রেহানা তাঁর স্বামী জাকির হোসেন, দেবর এস এম মাহবুব, মোস্তফা হোসাইন, শাশুড়ি নুরানী বেগমসহ ছয়জনকে আসামি করেন।
রেহানা আক্তার বলেন, ‘স্বামী নিজের পছন্দে আমাকে বিয়ে করেন। কিন্তু আমাকে তাঁর পরিবারের লোকজন মেনে নিতে পারেননি। বিয়ের পর থেকেই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমার দেবর ছাত্রলীগের নেতা মাহবুবসহ শ্বশুরবাড়ির লোকজন আমার ওপর নানা রকম অন্যায়-নির্যাতন শুরু করেন। আমার স্বামী সবকিছু জেনেও নির্যাতনের প্রতিবাদ করেননি। স্বামীর বাড়িতে আলাদা একটি ঘরে থাকা শুরু করলে নির্যাতন আরও বাড়তে থাকে। নির্যাতনের বিষয় জেনেও প্রতিবাদ না করায় স্বামীকেও এই মামলার আসামি করেছি।’
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, জাকির হোসেন সৌদি আরবে চলে যাওয়ার পর তাঁর স্ত্রী রেহানার ওপর ছাত্রলীগের নেতা মাহবুব ও তাঁর পরিবারের লোকজন নির্যাতন চালাতে শুরু করেন। রেহানাকে শ্বশুরবাড়ির কোনো ঘরে থাকতে দেওয়া হচ্ছিল না। পরে রেহানা বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা এনে শ্বশুরবাড়িতে একটি ঘর নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন। একপর্যায়ে মাহবুব ও তাঁর কাতারপ্রবাসী ছোট ভাই মোস্তফা হোসাইন সেই ঘর দখল করে নেন। ২০২০ সালের ১ আগস্ট তাঁরা রেহানা ও তার পাঁচ বছরের ছেলেকে মারধর করেন।
এ ঘটনায় ৪ আগস্ট রেহানা আক্তার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মামলা করেন। ৬ নভেম্বর মাহবুবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। এবার আবার তাঁকে কারাগারে পাঠানো হলো।
বাদীর আইনজীবী আকরাম হোসেন ও মো. মামুন জানান, মারধর ও নির্যাতনের ঘটনায় করা মামলার বিষয়টি তাঁর ভাবির সঙ্গে নিষ্পত্তি করার শর্তে আদালত মাহবুবকে জামিন দিয়েছিলেন। কিন্তু মাহবুব বিষয়টি নিষ্পত্তি করেননি। আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, ভাবির করা নারী নির্যাতন মামলায় ছাত্রলীগের নেতাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে তিনি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।