ভাবির বিরুদ্ধে দেবরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে ভাবি ছুরিকাঘাত করে দেবরকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাবি নাছিমা আক্তারকে (২২) আটক করেছে পুলিশ।

নিহত দেবরের নাম মোহাম্মদ ইউনুছ (৪০)। তিনি লোহাগাড়া উপজেলার কুমিরাঘোনা এলাকার মৃত আলী আহমদের ছেলে। পুলিশ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ ইউনুছের সঙ্গে তাঁর বড় ভাই মোহাম্মদ ইউসুফ ও ইউসুফের দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার বিকেলে ওই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে ইউসুফ ও তাঁর স্ত্রী নাছিমা আক্তার লোহাগাড়া থানায় অভিযোগ দেন। বুধবার সন্ধ্যায় আবারও ইউনুছ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেই ইউসুফ ও তাঁর দ্বিতীয় স্ত্রীর বিবাদ শুরু হয়।

একপর্যায়ে ইউসুফের দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তার ঘর থেকে ছুরি এনে দেবর ইউনুছের পেটে ঢুকিয়ে দেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ইউনুছকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইউনুছের ছোট ভাই মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের সবার বড় ভাই মোহাম্মদ ইউসুফ ও তাঁর দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তারের সঙ্গে মেজ ভাই মোহাম্মদ ইউনুছের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে বেশ কয়েকবার বিবাদের সৃষ্টি হয়। বুধবার বিকেলে ঝগড়া–বিবাদের একপর্যায়ে আমার বড় ভাইয়ের দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তার মেজ ভাই ইউনুছকে ছুরিকাঘাত করেন।’

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ প্রথম আলোকে বলেন, দেবর ইউনুছকে হত্যায় জড়িত থাকার অভিযোগে ভাবি নাছিমা আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।