ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় দুই দালালসহ আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির হাতে আটক দুই দালাল ও ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরা ছয় বাংলাদেশি
ছবি: বিজিবির সৌজন্যে

সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় চুয়াডাঙ্গার জীবননগর থেকে দুজন দালালসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকাল সাতটার দিকে ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার হাসাদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে।

বিজিবি জানায়, এই আটজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন খুলনা জেলার ফুলতলা উপজেলার মৃত আবদুস সাত্তারের ছেলে মিঠু শেখ (৩৯) ও তাঁর স্ত্রী তানিয়া বেগম (৩৩), ডুমুরিয়া উপজেলার দামুদা চিচড়ি গ্রামের ইমন আলী সরদারের ছেলে আবদুল হালিম (৪০), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুনপাড়া গ্রামের মৃত আলী আহমেদের স্ত্রী রশিদা বেগম (৫৫), নড়াইলের কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের কিশলো মৃধার ছেলে সুজন মৃধা (১৫), কালিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে মিলন হোসেন (৩৩), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের রায়হান মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও পীরগাছ গ্রামের মুনসর আহমেদের ছেলে মো. সেলিম (৩৩)।

বিজিবি জানায়, এই আটজনের মধ্যে শেষের দুজন দালাল। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩-এর ১১(১) ধারা এবং বাকি ছয়জনের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে জীবননগর থানায় মামলা করা হয়েছে।