চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে ভারত থেকে আরও ১৯টি ওয়াগনে পাথর এসেছে বাংলাদেশে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে পৌঁছায় পাথরবোঝাই এসব ওয়াগন। প্রতিটি ওয়াগনে গড়ে ৫৯ মেট্রিক টন করে মোট ১ হাজার ১২১ মেট্রিক টন পাথর এসেছে।
এর আগে ভারতের হলদিবাড়ি রেলস্টেশন থেকে ওয়াগনগুলো ছেড়ে আসে। পরে ওয়াগনগুলো রেখে রেল ইঞ্জিনটি একই পথে ভারতে ফিরে যায়।
চিলাহাটি স্টেশনমাস্টার আশরাফুল হক বলেন, আজ দ্বিতীয় দফায় ভারত থেকে ১৯টি ওয়াগনে চিলাহাটি রেলস্টেশনে পাথর এসেছে। এসব ওয়াগন দেশীয় ইঞ্জিনে করে নীলফামারীর সৈয়দপুরে নিয়ে পাথর খালাস করা হবে। এর আগে ১ আগস্ট বিকেলে এই রেলপথে প্রথমবারের মতো ভারত থেকে ৪০টি ওয়াগনে ২ হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিক টন পাথর এসেছিল।
চিলাহাটি রেলস্টেশন সূত্রে জানা যায়, চলতি মাসের ৭ আগস্ট আরও ৪০টি ওয়াগন পাথর ভারত থেকে আসবে। এরপর এ রেলপথে নিয়মিত চাল, গম, ভুট্টাসহ অন্যান্য পণ্য আমদানি করা হবে।
নীলফামারী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, ব্রডগেজ রেলপথটি বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্কের আরও একটি নতুন দিগন্ত উন্মোচিত করেছে। দূরত্ব ও সময় কম লাগায় রুটটি আমদানি ও রপ্তানিকারকদের বেশি পছন্দের। এখন থেকে এ পথে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি করা সহজ হবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, চিলাহাটি ও হলদিবাড়ি রেলপথটি স্বাধীনতাপূর্ব সময়ে চালু ছিল। ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর সেটি বন্ধ হয়ে যায়। রেলপথটি আবার চালুর উদ্যোগ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উভয় দেশে রেলপথ নির্মাণের কাজ শেষে গত বছরের ১৭ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে পণ্যবাহী ট্রেন চলাচল উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী।