ময়মনসিংহের ত্রিশালে এক পুলিশকে হত্যা করে প্রিজন ভ্যান থেকে তিন জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় ভারত থেকে আসা দুই ব্যক্তিও জড়িত ছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের আসামিবাহী ভ্যানে (প্রিজন ভ্যান) হামলা চালিয়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। তিন জঙ্গি হলেন সালাউদ্দিন ওরফে সালেহীন, জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান ও রাকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ। এ হামলায় এক পুলিশ সদস্য নিহত ও গুলি-বোমায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
সালেহীন ও বোমা মিজানকে এখনো ধরতে পারেনি পুলিশ। তাঁরা দেশের ভেতরে না বিদেশে পালিয়েছেন, সে সম্পর্কেও পুলিশ বলতে পারছে না।
তবে ওই ঘটনার কয়েক ঘণ্টার পর টাঙ্গাইলের সখীপুরে হাফেজ মাহমুদ পুলিশের হাতে ধরা পড়েন। পরদিন ভোরে কথিত ক্রসফায়ারে নিহত হন তিনি। ওই ঘটনায় ময়মনসিংহের ত্রিশাল থানা ও টাঙ্গাইলের সখীপুর থানায় চারটি মামলা হয়। মামলাগুলো তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঘটনার পর ডিবি কয়েকজনকে আটক করেছিল।
জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ওই ঘটনায় লেকু ও সাজিদ নামের দুই ব্যক্তি জড়িত ছিলেন বলে তদন্তে জানা গেছে। এঁরা দুজনই ভারত থেকে এসে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে আবারও ভারতে ফিরে যান। তবে এই সাজিদ সম্প্রতি ভারতে গ্রেপ্তার হওয়া সাজিদ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। লেকুর পরিচয় সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।
তবে বর্ধমান বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে ভারতে গ্রেপ্তার সাজিদ নারায়ণগঞ্জের বন্দর থানার ফরাজীকান্দার মাসুম মিয়া বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। এ বিষয়ে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ গতকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঢাকার ডিবির সঙ্গে যোগাযোগ করেনি বলে কর্মকর্তারা জানান।
ডিবির কর্মকর্তারা জানান, তাঁদের তথ্যমতে, নারায়ণগঞ্জের ওই মাসুম ২০০৫ সালে গোপালগঞ্জের কোটালিপাড়ায় ব্র্যাক অফিসে ডাকাতির ঘটনায় একবার গ্রেপ্তার হয়েছিলেন। তখন তাঁর বিরুদ্ধে ডাকাতি ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। দুই মামলার একটিতে তাঁর সাত বছর ও অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরে মাসুম আদালত থেকে জামিন পেয়ে যান। জামিনে বের হয়ে আসার পর ২০১০ সালে আবার তিনি গ্রেপ্তার হন। এরপর আবারও জামিনে মুক্তি পান।
এদিকে ত্রিশালে তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় তখন গাড়ি ও অর্থের সঞ্চালক জাকারিয়া ওরফে হিমেলসহ ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ, ডিবি ও র্যা ব। পুলিশের হাতে গ্রেপ্তার ১১ জন হলেন জাকারিয়া ওরফে হিমেল, তাঁর স্ত্রী সামছুন্নাহার খাতুন ওরফে স্বপ্না, ভাই ইউসুফ, শ্বশুর নয়ন, রাসেল, সহযোগী রাজু আজমেদ, সোহরাব হোসেন, আল আমীন, গোলাম সরোয়ার (রাহাত), আজমীর ও সৈয়দ জিয়াউল ইসলাম (জিতু)। র্যা বের হাতে গ্রেপ্তার আটজন হলেন কামাল হোসেন (সবুজ), সোহেল রানা, মোরশেদ আলম, আনোয়ার হোসেন, বাছির উদ্দিন, ইউসুফ আলী, ইলিয়াস উদ্দিন ও আবু বকর সিদ্দিক।