ভারত থেকে আসা বাংলাদেশিদের কুমিল্লায় কোয়ারেন্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের যাতায়াত অব্যাহত রয়েছে। আজ বুধবার স্থলবন্দর দিয়ে ৮৯ জন বাংলাদেশে ফিরেছেন। একই সময় ভারতে গেছেন ২১ জন। গত ২৩ দিনে ৭০৮ জন বাংলাদেশে ফিরেছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানসংকুলান না হওয়ায় ভারত থেকে ফিরে আসা বাংলাদেশিদের কুমিল্লায় কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত দুই দিনে স্থলবন্দর দিয়ে আসা ৯৮ বাংলাদেশিকে কুমিল্লায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। গত ২৬ মার্চ থেকে বুধবার পর্যন্ত ২৪ দিনে দুই দেশের ৭৯৭ জন বাংলাদেশে ফিরেছেন।

জানা গেছে, বর্তমানে ৩৩৩ জন ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টিনে রয়েছেন। বুধবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ফেরা ৮৯ জনের মধ্যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৭ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তাঁদের ঢাকায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বাকি ১০ জনকে আখাউড়ার নাইন স্টার হোটেল এবং ৬২ জনকে কুমিল্লায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার আসা ৩৬ জন বাংলাদেশিকে কুমিল্লায় পাঠানো হয়। বুধবার নতুন করে আরও ৬৩ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ১৪ দিনের কোয়ারেন্টিন পূর্ণ করায় এখন পর্যন্ত ১৮৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দুই দেশে আটকা পড়া যাত্রীরা উভয় দেশে নিযুক্ত হাইকমিশনারের অনুমতি এবং দুই দেশের সরকারের কিছু নির্দেশনা অনুসরণ করে যাতায়াত করছেন।

জানা গেছে, ভারত থেকে ফেরত বাংলাদেশি নাগরিকদের ব্রাহ্মণবাড়িয়ার সাতটি আবাসিক হোটেল, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এবং জেলার বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়।

আখাউড়া স্থলবন্দরের হেলথ ডেস্ক সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন ভারতে আটকা পড়া বাংলাদেশি নাগরিক স্থলবন্দর দিয়ে দেশে আসতে পারবেন বলে নির্দেশনা জারি করেন। এ ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেন মন্ত্রী। সেগুলো হচ্ছে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ফেরত আসা নাগরিকদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করবেন, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাঁদের কোভিড টিকার দুটি ডোজ নেওয়া আছে এবং কোভিড নেগেটিভ সনদ নেওয়া আছে, তাঁরা সরাসরি ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বিবেচিত হবেন এবং যাঁদের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ হবে, তাঁরা ১১ দিন হোম কোয়ারেন্টিন করবেন।

আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, মঙ্গলবার ৮৯ জন বাংলাদেশে এবং ২১ জন ভারতে ফিরেছেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ আলম প্রথম আলোকে বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা বাংলাদেশি নাগরিকদের ব্রাহ্মণবাড়িয়ার সাতটি আবাসিক হোটেলসহ নয়টি প্রতিষ্ঠানে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। জেলায় বর্তমানে আর কোনো আবাসিক হোটেল নেই। তাই স্থলবন্দর দিয়ে নতুন করে আসা যাত্রীদের কোয়ারেন্টিনে রাখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে কুমিল্লায় পাঠানো হচ্ছে।