ভারত থেকে এল আরও ২০০ টন তরল অক্সিজেন
ভারত থেকে তৃতীয়বারের মতো আরও ২০০ টন তরল অক্সিজেন এসেছে। অক্সিজেনবাহী একটি বিশেষ ট্রেন গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে পৌঁছায়। আজ শনিবার সকাল পৌনে ছয়টা থেকে ট্রেন থেকে অক্সিজেন খালাসের কার্যক্রম শুরু হয়।
বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের হাসপাতালগুলোয় অক্সিজেনের সংকট মোকাবিলায় বেসরকারি কোম্পানি লিনডে বাংলাদেশ লিমিটেড এ অক্সিজেন আমদানি করছে।
প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনটি যমুনা নদীর পাড়ে অনেক খোলামেলা জায়গায় জায়গায় হওয়ার কারণে সেখানে আমদানি করা অক্সিজেন খালাস করা হচ্ছে। এভাবে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ভারত থেকে তরল মেডিকেল অক্সিজেন আমদানি করে এখানেই খালাস করা হবে বলে জানান তিনি।
এর আগে ২৫ জুলাই প্রথমবার ভারত থেকে ২০০ টন এবং ২৮ জুলাই দ্বিতীয়বার ২০০ টন অক্সিজেন বাংলাদেশে পৌঁছায়।