ভারত থেকে চিংড়ির রেণু আনার সময় শ্যামনগরে গ্রেপ্তার ২
ভারত থেকে অবৈধপথে বাগদা চিংড়ির রেণু পোনা আনার সময় সাতক্ষীরার শ্যামনগরের নদী সীমান্ত এলাকা থেকে দুই চোরাকারবারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার পরানপুর সেতুর ওপর থেকে তাঁদের আটক করা হয়। পরে মামলা দায়ের করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আবদুল্যাহ তরফদার (৩৪) ও পরানপুর গ্রামের মিজানুর রহমান (২৭)।
এ সময় তল্লাশি করে তাঁদের কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ১৩ প্যাকেট বাগদা রেণু, ২টি মোটরসাইকেল, ভারতীয় সিম ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
নীলডুমুর ৩৪ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন নির্দয় বিওপির হাবিলদার খাইরুল ইসলাম বলেন, ভারত থেকে সীমান্ত নদী কালিন্দী দিয়ে অবৈধভাবে বাগদা চিংড়ি রেণু আনার সময় তাঁর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পরানপুর সেতুর ওপর থেকে দুই চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তাঁদের কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ১৩ প্যাকেট বাগদা রেণু, ২টি মোটরসাইকেল, ভারতীয় সিম ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। জব্দ মালামালসহ আটক দুই চোরাকারবারিকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নির্দয় বিওপির হাবিলদার খাইরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল শনিবার আদালতে পাঠানো হবে।