ভারতগামী যাত্রীর কাছে মিলল সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলার মানচিত্র

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি এক যাত্রীর কাছ থেকে তিনটি সোনার বার জব্দ করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন থেকে বুধবার সকালে শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে আটক করেন। ওই সোনা পাচারের জন্য ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল।

যাত্রীর নাম ফাহাদ উজ জামান খান (২১)। তিনি শরীয়তপুরের পালং থানার সোলপাড়া গ্রামের নূরুজ্জামান খানের ছেলে। এ সময় নান্টু খান (২৩) নামে তাঁর এক সহযোগীকেও আটক করা হয়। নান্টু একই গ্রামের কাশেম খানের ছেলে।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, ভারতে যাওয়ার উদ্দেশে সকাল ১০টার দিকে ফাহাদ ও নান্টু শরীয়তপুর থেকে বেনাপোল স্থলবন্দরে আসেন। বেলা ১১টার দিকে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে তাঁরা স্থলবন্দরের বহির্গমন বিভাগে (ইমিগ্রেশন) আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। এরপর ফাহাদ উজ জামান খানকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্স–রে করলে তাঁর পেটে সোনার বার–সদৃশ বস্তু দেখা যায়। পরে বিশেষ কায়দায় পায়ুপথ দিয়ে কালো টেপে মোড়ানো তিনটি সোনার বার বের করা হয়। সোনার বার তিনটির ওজন ৩৫০ গ্রাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আবদুর রশিদ মিয়া বলেন, ফাহাদ উজ জামান ও নান্টু খানের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁদের ও জব্দ করা সোনার বার থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।