ভারতীয় গরুই বেশি, বাড়তি খাস আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের পাঁচবিবি হাটে ভারতীয় গরু বিক্রির জন্য আনা হয়েছে। গত মঙ্গলবার
প্রথম আলো

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোরবানির পশুর হাটে বিপুলসংখ্যক ভারতীয় বোল্ডার জাতের গরু উঠেছে। এতে ওই হাটে দেশীয় গরুর কেনাবেচা কিছুটা কম। এ ছাড়া হাট ইজারাদারের লোকজন (খাজনা আদায়কারীরা) বিক্রেতাদের কাছ থেকে ৩০ টাকা করে আদায় করছেন।

গত মঙ্গলবার পাঁচবিবির পশুর হাটে গিয়ে যায়, ভারতীয় বোল্ডার জাতের সাদা রঙের গরুতে ভরা হাট। বড় ব্যাপারীদের নজর ভারতীয় গরুর দিকেই। দেশি গরুর মালিকেরা দাম পাচ্ছেন না।

স্থানীয় বাসিন্দারা বলেন, সপ্তাহে মঙ্গলবার গরুর এ হাট বসে। দেশের বিভিন্ন স্থানের ব্যাপারীরা গরু কিনতে এই হাটে আসেন। সারা বছর গরুর জমজমাট হাট বসে। কোরবানি ঈদে হাটটি আরও জমজমাট হয়। ঢাকা-চট্টগ্রাম-নোয়াখালী-কুমিল্লাসহ বিভিন্ন স্থানের বড় ব্যাপারীদের পদচারণে মুখর হয়ে ওঠে। কোরবানির ঈদ ঘিরে হাটে বড় বড় দেশি ও ভারতীয় বোল্ডার জাতের সাদা রঙের গরু বিক্রির জন্য আনা হয়। কোরবানির সময় প্রতি হাটে কোটি টাকার গরু কেনাবেচা হয়।

ক্রেতা-বিক্রেতা ও হাট ইজারাদারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার কোরবানির পশুর হাটে প্রচুর গরুর আমদানি হয়েছে। গত বছরের তুলনায় গরুর দাম একটু কম। সিলেটসহ দেশের কয়েকটি জেলা বন্যাকবলিত হয়েছে। বন্যার কারণে ওই সব এলাকার গরুর ব্যাপারী কম এসেছেন। এ কারণে কোরবানির পশুর চাহিদাও একটু কম।

পাঁচবিবির ছোট অনন্তপুর গ্রামের ফরিদ হোসেন বলেন, ‘ফড়িয়ারা বাড়িতে গিয়ে আমার গরুর দাম ৮২ হাজার টাকা বলেছিল। সেই গরু প্রায় দেড় মাস খাওয়ানোর পর পাঁচবিবি হাটে এনে ৮০ হাজার টাকার বেশি কেউ দাম বলেননি। বাধ্য হয়ে ৮০ হাজার টাকা দিয়ে বিক্রি করেছি। হাটে গরু আমদানির তুলনায় ক্রেতা কম হওয়ায় অনেকে গরু বাড়িতে ফেরত নিয়ে যাচ্ছেন।’

নোয়াখালী জেলা সদরের ব্যাপারী জাহিদুল ইসলাম বলেন, তাঁরা কয়েকজন মিলে ১৬টি গরু কিনেছেন। দাম একটু সস্তা বলে তাঁর কাছে মনে হচ্ছে। তাঁরা ১২ জন মিলে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লায় নিয়ে গরুগুলো বিক্রি করেন। যদি সহনীয় পর্যায়ে দাম থাকে, তাহলে আগামী সপ্তাহের হাটে আবারও গরু কিনতে আসবেন।

গত মঙ্গলবার আরও দেখা গেছে, হাটে খাজনা আদায়ের ৫০টি পয়েন্ট রয়েছে। গরুর দামদর হওয়ার পর ক্রেতা-বিক্রেতারা এসব পয়েন্টে গরু নিয়ে যাচ্ছিলেন। তাঁরা আদায়কারীর সাক্ষাতে গরুর টাকা পরিশোধ করছিলেন। খাজনা আদায়কারীরা ক্রেতার কাছে প্রতিটি গরুর জন্য ৪৫০ টাকা খাজনা আর ৩০ টাকা করে বিক্রেতার কাছে আদায় করছিলেন।

খাজনা আদায়কারী বজলুর রশিদ বলেন, যাঁরা খাজনা আদায় করেন, তাঁদের হাট ইজারাদার পারিশ্রমিক দেন না। এ কারণে বিক্রেতাদের কাছ থেকে ৩০ টাকা করে নেওয়া হয়।

হাট ইজারাদারের সুপারভাইজার দুলাল হোসেন বলেন, পাঁচবিবি হাটের ইজারাদার আবদুল হাকিম মণ্ডল। এই হাটটি তিন কোটি টাকায় ইজারা নেওয়া হয়েছে। এবার কোরবানির ঈদের হাটে প্রচুর গরু আমদানি হয়েছে। কিন্তু হাটে ব্যাপারী কম এসেছেন।