ভারতে পাচারকালে দুই তরুণী উদ্ধার, এক পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে
প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁদের পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকের ঘটনা এটি।

আটক পাচারকারীর নাম হাসানুর রহমান (২৩)। তিনি কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত এক তরুণীর বয়স ২২ বছর। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ জেলা সদরের সাতগ্রামে। অপর তরুণীর বয়স ২৬ বছর। তাঁর বাড়ি শরিয়তপুর জেলা সদরের চরগাজীপুর গ্রামে।

মানব পাচারকারী দুজন বাংলাদেশি নারীকে ভারতে পাচারের জন্য সীমান্তে এনেছেন—এমন সংবাদের ভিত্তিতে বিজিবি কুশখালী সীমান্তে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ বলেন, করোনার ডেলটা ভেরিয়েন্ট (ভারতীয় ধরন) সংক্রমণ খুব বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার ভোমরা, গাজীপুর, কুশখালী, কালিয়ানী, মাদরা, কাকডাঙ্গা ও তলুইগাছা এলাকাগুলো স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে কলারোয়া ভাদিয়ালী গ্রামের মানব পাচারকারী হাসানুর রহমান দুজন বাংলাদেশি নারীকে ভারতে পাচারের জন্য সীমান্তে এনেছেন—এমন সংবাদের ভিত্তিতে কুশখালী সীমান্তে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আল মাহমুদ বলেন, জিজ্ঞাসাবাদে হাসানুর স্বীকার করেন, তিনি ওই দুই নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে এনেছিলেন। তাঁদের কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। সেখানে ১৪ দিন কোয়ারেন্টিন শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে থানায় সোপর্দ করা হবে।