হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
ভারতের ঘোষণায় এ দেশে সংখ্যালঘু নির্যাতন বাড়বে
‘সাম্প্রদায়িক সহিংসতার’ কারণে স্বাধীনতা-উত্তরকালে বাংলাদেশ থেকে যেসব হিন্দু ভারতে আশ্রয় নিয়েছে, তাদের যদি ভারত সরকার নাগরিকত্ব দেয়, তাহলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়বে বলে মনে করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
গতকাল মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আশঙ্কার কথা বলা হয়।
বাংলাদেশ থেকে বিভিন্ন সময় সহিংসতার শিকার হয়ে যেসব হিন্দু ভারতে আশ্রয় নিয়েছে, তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে নরেন্দ্র মোদির সরকার চিন্তাভাবনা করছে বলে সম্প্রতি খবর বের হয়। এর পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, ‘আমাদের আশঙ্কা, ভারতের এ ধরনের ঘোষণায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়বে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘ভারতের এহেন ঘোষণায় আমরা নিদারুণ উদ্বিগ্ন ও বিচলিত। আমাদের আশঙ্কা, ভারতের এমন ঘোষণার ফলে বাংলাদেশে তৃণমূলে সংখ্যালঘু নির্যাতন বাড়বে, কারণ যারা সংখ্যালঘুদের উচ্ছেদ করে তাদের জমিজমা আত্মসাৎ করতে চায়, তারা আরও উৎসাহিত হবে।’ লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার।