ভালুকার একমাত্র শনাক্ত করোনা রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একমাত্র করোনা শনাক্ত রোগীর (৬২) মৃত্যু হয়েছে। শনিবার রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন।

মারা যাওয়া ওই ব্যক্তি ভালুকা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডভুক্ত একটি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার মেদুয়ারী ইউনিয়নের একটি গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তি তিন মাস ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত ১৮ এপ্রিল তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তাঁকে করোনাভাইরাসের পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসক। পরদিন তিনি দুপুরে ময়মনসিংহ নগরের এস কে হাসপাতালে ল্যাবে গিয়ে নমুনা দিয়ে আসেন। রাতে ময়মনসিংহের পিসিআর ল্যাব থেকে মুঠোফোনে ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়, ওই ব্যক্তির নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ এসেছে। এ অবস্থায় চিকিৎসার জন্য ২০ এপ্রিল বিকেলে তাঁকে ঢাকার উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। এক দিন পরই তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় । ১৩ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে মারা যান ওই ব্যক্তি।

মৃত ব্যক্তির ছেলে বলেন, রোববার সকাল সাড়ে ৭টার দিকে তিনি বাবার মুঠোফোন নম্বরে ফোন করেন। কিন্তু ফোন ধরেন অন্য একজন। তিনি জানান, ভোররাতে তাঁর বাবা মৃত্যুবরণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন প্রথম আলোকে বলেন, মৃত ব্যক্তিকে রাজধানীতেই দাফনের সিদ্ধান্তের কথা জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাঁর স্ত্রী ও ছেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোহেলী শারমিন জানান, রোববার পর্যন্ত উপজেলার ১১৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর মধ্যে ১০৭ জনের প্রতিবেদন করোনা ‌‘নেগেটিভ’। ১১ জনের পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি।