ভালুকায় আ.লীগের প্রার্থীর বিরুদ্ধে কার্যালয় ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ বিদ্রোহী প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ জেলার মানচিত্র

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কাজে বাধা, কার্যালয় ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ তুলেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী। এসব অভিযোগ আজ শনিবার ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে আসা বিদ্রোহী ওই প্রার্থীর নাম রেজাউল করিম। তিনি হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। সম্প্রতি তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ এবং তাঁর কয়েকজন সমর্থকের বিরুদ্ধে ভালুকা উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও ভালুকা মডেল থানা–পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম বলেন, ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদের পক্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুনের নেতৃত্বে ডালিম হাসান, আলমগীর কবির, সামাদ মণ্ডল, খোকন মিয়া, রতন মিয়া, মো. কাজল বহিরাগতদের নিয়ে ঘোড়া প্রতীকের কর্মী-সমর্থদের নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। গতকাল শুক্রবার রাতে ঝালপাজা, কাশর ও ডুবালিয়াপাড়ার নির্বাচনী প্রচারণার কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ সময় তাঁর কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। একই রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাসায় ফেরার পথে ছোট কাশর এলাকায় স্থানীয় যুবলীগ নেতা নাঈম হাসানের নেতৃত্বে একদল যুবক রেজাউলকে অবরুদ্ধ করে রাখেন। ৪০ মিনিট পর ঘটনাস্থলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

এ বিষয়ে বক্তব্যের জন্য নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি ভালুকার ১১টি ইউপি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে।