ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২
ময়মনসিংহের ভালুকা উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহীর ট্রাকের পেছনে এক পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলায় ভরাডোবা নিশিন্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম (৫৫) ও মো. আজিজুর (৪৮)। তাঁদের বাড়ি শেরপুরের সদর উপজেলায়।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মশিউর রহমান বলেন, উপজেলার ভরাডোবা নিশিন্দা এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই সময়ে ঢাকাগামী একটি পিকআপ এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের চালকসহ তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শফিকুল ও আজিজুরকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। আহত পিকআপচালক রমজান আলীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলে পড়া পিকআপটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে।