ভালুকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগে মামলা
ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে ভালুকা মডেল থানায় বাদী হয়ে নিহত ব্যক্তির স্ত্রী দুজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
নিহত ব্যক্তির নাম আফাজ উদ্দিন (৩৫)। তিনি উপজেলার চান্দাব গ্রামের আবদুল আজিজের ছেলে।
নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, চান্দাব গ্রামের আবদুল আজিজের দুই ছেলে রমিজ উদ্দিন ও আফাজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সপ্তাহখানেক আগে বাবা আবদুল আজিজ বাড়ির ভিটা থেকে কিছু গাছ বিক্রি করেন। গতকাল দুপুরে ওই গাছের লাকড়ি আনার জন্য যান ছোট ছেলে আফাজ উদ্দিন। এ সময় বাগ্বিতণ্ডা থেকে সেখানে তাঁকে দা দিয়ে কোপ দেন বড় ভাই রমিজ উদ্দিন।
সপ্তাহখানেক আগে বাবা বাড়ির ভিটা থেকে কিছু গাছ বিক্রি করেন। গতকাল দুপুরে ওই গাছের লাকড়ি আনার জন্য যান ছোট ছেলে আফাজ উদ্দিন। এ সময় দুজনের বাগ্বিতণ্ডা থেকে তাঁকে কোপ দেন বড় ভাই রমিজ।
আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসকেরা আফাজ উদ্দিনকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে গাজীপুরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আফাজ উদ্দিন মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী আতিয়া আক্তার রাতেই বাদী হয়ে রমিজ উদ্দিন ও তাঁর স্ত্রীকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।