ভালুকায় রাস্তা পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় নানি-নাতির মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় নানি ও নাতির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল নয়টার দিকে উপজেলার মেহড়াবাড়ি এলাকার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে সাত সেনাসদস্য আহত হন।
নিহত দুজন হলেন গফরগাঁও উপজেলার কিষ্টবাজার এলাকার আবদুল হামিদের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তাঁর নাতি একই উপজেলার আঠারোদানা গ্রামের সবুজ মিয়ার ছেলে মো. জান্নাত (৩)।
ফায়ার সার্ভিস, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে ভালুকার মেহড়াবাড়ি এলাকায় জান্নাতকে নিয়ে তাঁর নানি মুর্তুজা খাতুন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাঁদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নানি–নাতির মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার কারণে কাভার্ড ভ্যানের পেছনে থাকা সেনাবাহিনীর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে সাত সেনাসদস্য আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভালুকা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. তুষার প্রথম আলোকে বলেন, আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সেনাবাহিনীর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক আলী হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নানি-নাতিকে চাপা দেওয়া কাভার্ড ভ্যানটি দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। নিহত দুজনের লাশ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।