ভালুকায় শতবর্ষী পুকুর রক্ষার দাবি
ময়মনসিংহের ভালুকা উপজেলার কেন্দ্রীয় বড় মসজিদের পাশের সরকারি খাসপুকুরটি ভরাটের চেষ্টা চলছে। তাই জনস্বার্থে শতবর্ষের এ পুকুর রক্ষা ও সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান।
লিখিত আবেদন সূত্রে জানা গেছে, ভালুকার কেন্দ্রীয় বড় মসজিদটির দক্ষিণ পাশে ৪০ শতাংশ জায়গার ওপর ১৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে তিনতলাবিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। গত বছরের ৭ অক্টোবর এর ভিত্তিপ্রস্তর স্থাপনকাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও ভালুকা কেন্দ্রীয় বড় মসজিদ কমিটির সভাপতি কাজিম উদ্দিন আহম্মেদ। এরপর পাইলিংয়ের কাজ শুরু করে এস আলম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
নতুন মসজিদের জায়গার প্রয়োজনের কথা বলে গত ২০ সেপ্টেম্বর সরকারি পুকুরটি বালু ফেলে ভরাট শুরু করেন ঠিকাদার। অথচ মসজিদের নকশায় পুকুর ভরাটের বিষয়টি নেই। পরে স্থানীয় প্রশাসনের বাধার কারণে পুকুরে বালু ভরাটের কাজ বন্ধ করা হয়। তবে পুকুরের পশ্চিম পাশে নির্মাণাধীন মসজিদের স্থানটিতে বিশাল বালুর স্তূপ করে রাখা হয়েছে। বৃষ্টির পানির সঙ্গে সেখান থেকে বালু গিয়ে এখন পুকুরটি ভরাট হচ্ছে।
অন্যদিকে, তিন পাশের দোকানপাটের ময়লা-আবর্জনা ফেলার কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পুকুরটি। অথচ পুকুরটি মুসল্লিদের অজু ও গোসলের কাজে ব্যবহার করা হয়।
প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ইত্যাদি ভরাট করা বেআইনি। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী, যেকোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ।
এস আলম এন্টারপ্রাইজের মালিক ছামিউল আলম মুঠোফোনে বলেন, মসজিদ নির্মাণের জন্য ৬০ ফুট পুকুর ভরাট করা হবে।
এ বিষয়ে ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান বলেন, সরকারি পুকুরটি ভরাট হয়ে যাওয়ার পর যদি ভালুকা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে পানির অভাবে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই পুকুরটি ভরাট না করে সংস্কারের জন্য আবেদন করেছেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক মিজানুর রহমান সরেজমিনে পরিদর্শন করে পুকুরটি ভরাট বন্ধের নির্দেশ দিয়েছেন। তারপরও পশ্চিম পাড়ে বিশাল বালুর স্তূপ জমা করে রাখা রহস্যজনক। এখন মসজিদের নামে পুকুর ভরাট করে সেখানে দোকান-বাণিজ্যের পরিকল্পনা নিয়েছে একটি স্বার্থান্বেষী মহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আর কোনো অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে।