ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমানের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাত আটটার দিকে মোস্তাফিজুর রহমান ভালুকা উপজেলা নির্বাচন কর্মকর্তা কাছে ও ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে গতকাল বিকেল চারটার দিকে উপজেলার ক্লাবের বাজার এলাকায় মোস্তাফিজুর রহমানের নির্বাচনী কার্যালয় ভাঙচুর চালানো হয়েছে। মোস্তাফিজুরের অভিযোগ, ভরাডোবা ইউপি নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহ আলম তরফদারের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন।
মোস্তাফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে শাহ আলম তরফদারের সমর্থকেরা তাঁর পোস্টার সাঁটাতে বাধা দিচ্ছেন। শাহ আলমের বাধার কারণে তিনি ভরাডোবা নতুন, পুরাতন বাসস্ট্যান্ড ও নিশিন্দা বাজার এলাকায় কোনো নির্বাচনী কার্যালয় তৈরি করতে পারছেন না। এর মধ্যে গতকাল বিকেলে তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে শাহ আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
ভালুকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ভরাডোবা ইউপির ঘোড়া প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের অভিযোগটি পুলিশকে জানানো হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশন কার্যালয় থেকে এক স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের অনুলিপি পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।