ভালোবাসা-শুভেচ্ছায় সিক্ত কলসিন্দুরের খুদে ফুটবলাররা

বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টানা তৃতীয়বার শিরোপা জিতে ঘরে ফিরেই উষ্ণ ভালোবাসা পেল কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল ফেডারেশন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ধোবাউড়া উপজেলা শাখা, ময়মনসিংহে সংবাদপত্রের এজেন্ট প্রতিষ্ঠান বুক সেন্টারসহ নানা পেশার মানুষ খুদে ফুটবলারদের বরণ করে নিয়েছেন।
গতকাল বুধবার বেলা দেড়টায় ঢাকা থেকে একটি আন্তনগর ট্রেনে করে ময়মনসিংহ ফেরে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিজয়ীরা। তাদের সঙ্গে ছিলেন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী, সহকারী শিক্ষক ও ফুটবল প্রশিক্ষক মফিজ উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হাসেমসহ এলাকার বেশ কয়েকজন ব্যক্তি।
চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করে নিতে ফুলের মালা নিয়ে বেলা একটা থেকেই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অপেক্ষা করতে দেখা যায় অনেক মানুষকে। এঁদের মধ্যে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ওমর হায়াৎ খান, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ও সচিব মোর্শেদ জাহান। ট্রেন থেকে নামার পরপরই জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল ফেডারেশনের উপস্থিত কর্মকর্তারা ফুলের পাপড়ি ছিটিয়ে মেয়েদের শুভেচ্ছা জানান। পরে প্রত্যেকের হাতে গোলাপ ও রজনীগন্ধা এবং গলায় গাদা ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। এ সময় স্টেশন চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই মেয়েদের সঙ্গে ছবি তোলেন।
এরপর স্টেশন রোডে অবস্থিত ময়মনসিংহে সংবাদপত্রের এজেন্টের প্রতিষ্ঠান ‘বুক সেন্টারে’ নিয়ে যাওয়া হয় চ্যাম্পিয়ন দলকে। সেখানে বুক সেন্টারের স্বত্বাধিকারী মাজাহারুল ইসলাম ও প্রথম আলোর আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশার মেয়েদের মিষ্টিমুখ করান। মানুষের ভালোবাসায় সিক্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রোজিনা আক্তার বলে, ‘খুব ভালো লাগছে। আমাদের মানুষ এত ভালোবাসবে, এটা আমরা আগে ভাবতে পারিনি।’
বেলা সাড়ে তিনটার দিকে কলসিন্দুর দল ময়মনসিংহ থেকে ধোবাউড়ার উদ্দেশে রওনা হয়। সেখানেও তাদের উষ্ণ অভিনন্দন জানানো হয়। উপজেলা সদরে প্রবেশপথে তৈরি করা হয় দৃষ্টিনন্দন তোরণ। মেয়েদের বরণ করে নিতে বেশ কয়েকটি গ্রামের মানুষ ও অভিভাবকেরা উপজেলা সদরে ভিড় করেন।