ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব, জলবায়ু সংকট, লবণাক্ততা বৃদ্ধিসহ নানা কারণে সুন্দরবনে কমছে মিষ্টি পানির প্রবাহ। ফলে দেখা দিচ্ছে পরিবেশগত পরিবর্তন। এসব কারণে ভালো নেই সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ। আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আজ সোমবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলার ফরেস্টঘাটে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ব্রেভ ইয়ুথ গ্রুপ আয়োজিত ‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার’ প্রতিপাদ্যে এ মানববন্ধনে পরিবেশকর্মী ছাড়াও বনজীবী, মৎস্যজীবী, মৌয়াল-বাওয়ালিরা অংশ নেন।
সুন্দরবনসহ দেশের সব বনাঞ্চল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, কেবল সুন্দরবন নয়, দেশের সব বনাঞ্চলই এখন প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা হুমকির মুখে আছে। প্রাণ-প্রকৃতি বাঁচাতে তাই সুন্দরবনসহ দেশের সব বন রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে।
বন উজাড় করা ও দখল রুখতে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অপরিকল্পিত শিল্পায়ন, বৃক্ষ ও বন্য প্রাণী নিধন, বিষ প্রয়োগে মাছ নিধন, পরিকল্পিত অগ্নিকাণ্ড, পশুর নদীতে কয়লা-তেলভর্তি জাহাজডুবি, উপকূল ও সুন্দরবন অঞ্চলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকসামগ্রী বন্ধসহ বনবিনাশী সব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। সেই সঙ্গে রুখতে হবে জলবায়ু সংকটের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির ব্যবহার।
মানববন্ধনে বক্তব্য দেন বাপার বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মো. নূর আলম শেখ, বাপা নেতা কমলা সরকার, ইস্রাফিল বয়াতি, শেখ রাসেল, নদীকর্মী হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আবদুর রশিদ হাওলাদার, ব্রেভ ইয়ুথ গ্রুপের ফাতেমা জান্নাত প্রমুখ।