ভালোবাসা দিবসে ঘরে বসে জন্মসনদ ও গোলাপ পেলেন তাঁরা
কক্সবাজার শহর থেকে ৪৬ কিলোমিটার দূরে উখিয়ার হলুদিয়াপালং ইউনিয়ন। এ ইউনিয়ন পরিষদের (ইউপি) মানুষ আজ সোমবার সকাল থেকে ঘরে বসেই পেয়েছেন জন্মসনদ। সঙ্গে ভালোবাসা দিবসের উপহার লাল গোলাপ। ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বাড়ি বাড়ি গিয়ে জন্মসনদের পাশাপাশি একটি করে গোলাপ তুলে দিয়ে সবাইকে মাদক ও দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানাচ্ছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সকাল সাতটা থেকে শুরু হয় গোলাপের সঙ্গে জন্মসনদ বিতরণের কাজ। বেলা দুইটা পর্যন্ত ইউনিয়নের হলদিয়া, নরবিলা, সিকদারপাড়া, মধ্যহলদিয়া এলাকার ২৯৬ ঘরে গিয়ে এই সনদ বিতরণ করেন চেয়ারম্যান। বিকেল পাঁচটা পর্যন্ত হলুদবনিয়া, জুলারপাড়াসহ কয়েকটি গ্রামের আরও দুই শতাধিক ঘরে গিয়ে গোলাপের সঙ্গে ২১০টি জন্মসনদ বিতরণ করার কথা রয়েছে।
চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৭০ হাজার। আগের তিন বছর এখানে জন্মসনদ বিতরণ বন্ধ ছিল। ছয় মাস আগে কার্যক্রম শুরু হলেও জন্মসনদ বিতরণে অনিয়ম, দুর্নীতি ও হয়রানি লেগেই ছিল। একটা জন্মসনদ নিতে অনেককে দুই থেকে তিন হাজার টাকাও দিতে হয়েছে। এখন মাত্র ১৩০ টাকায় কাঙ্ক্ষিত জন্মসনদ হাতে পাচ্ছেন ইউনিয়নের বাসিন্দারা। আজ ভালোবাসা দিবসে এলাকার মানুষকে মাদক ও দুর্নীতি থেকে দূরে রাখতে ঘরে ঘরে গিয়ে গোলাপের সঙ্গে জন্মসনদ বিতরণের এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
গত বছরের ৩০ নভেম্বর এ ইউনিয়নের অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন ইমরুল কায়েস চৌধুরী। তিনি ছিলেন দলের বিদ্রোহী প্রার্থী। তাঁর বাবা মাহমুদুল হক চৌধুরী উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। মা আশরাফ জাহান বর্তমানে কক্সবাজার জেলা পরিষদ সদস্য।
হলদিয়া গ্রামের শিক্ষার্থী সনজিতা আকতার জানান, সকালে গোলাপ হাতে ইউপি চেয়ারম্যানকে তাঁর বাড়ির আঙিনায় দেখে অবাক হন। চেয়ারম্যান তাঁর হাতে লাল গোলাপ তুলে দেন এবং বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে, দুর্নীতিকে সব সময় না বলতে হবে। এরপর তুলে দেন কাঙ্ক্ষিত জন্মসনদ। এ সনদের জন্য দেড় বছর ধরে অপেক্ষায় ছিলেন তিনি।
নলবিলা গ্রামের কৃষক গিয়াস উদ্দিন বলেন, ‘কয়েক মাস আগেও একটা জন্মসনদ তুলতে দুই হাজার টাকা খরচ হয়েছে। এখন এটা বন্ধ হয়েছে। কয়েক দিন আগে জন্মসনদের জন্য ১৩০ টাকা জমা দিয়েছিলাম। সেই জন্মসনদ গোলাপের সঙ্গে ঘরে বসে হাতে পেলাম। সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ইমরুলের মতো হলে মানুষকে এত দুর্ভোগে পড়তে হতো না।’
হলদিয়াপালং ইউপি সদস্য সরোয়ার কামাল বলেন, ঘরে বসে গোলাপের সঙ্গে জন্মসনদ পাওয়ায় এলাকার মানুষ খুশি।
চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, তিনি ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন গত বছরের ২৬ ডিসেম্বর। দায়িত্ব গ্রহণের পর দেখেন, প্রায় সাত হাজার জন্মনিবন্ধন সনদের আবেদন পড়ে আছে। আজ সোমবার পর্যন্ত তিনি প্রায় তিন হাজার জন্মসনদ বিতরণ করেছেন। অবশিষ্ট সনদগুলোও দ্রুত মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে।