ভালোবাসা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘চিরকুমার সংঘের’ শোভাযাত্রা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভালোবাসা দিবসে ‘নিজ সঙ্গে স্বর্গবাস, বিয়ে করলেই সর্বনাশ’ স্লোগানে শোভাযাত্রা ও পথসভা করেন একদল শিক্ষার্থী। তাঁরা এ জন্য একটি সংগঠনও করেছেন। নাম দিয়েছেন ‘নিখিল বাংলা চিরকুমার সংঘ’। আর ওই সংগঠনের ব্যানারেই তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
সোমবার বেলা ১১টার দিকে নিখিল বাংলা চিরকুমার সংঘের সদস্যরা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের করে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসেন। পরে সেখানে পথসভা করেন তাঁরা।
সভায় বক্তব্য দেন সংগঠনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিক্ষার্থী রাকিব হাসান, সহসভাপতি নিয়াজ মোর্শেদ, সহসভাপতি অভীক দে, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বাকী বিল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘সারা বিশ্বে ভ্যালেন্টাইনস ডে নামের ঘৃণ্য দিনকে আমরা প্রত্যাখ্যান করছি।’ ‘প্রেমরোগে’ আসক্তদের হুঁশিয়ারি দিয়ে তাঁরা বলেন, ‘আমাদের সংগঠনের প্রত্যেক নেতা-কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে এসব ঘৃণ্য কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।’ এ সময় সবাইকে চিরকুমার সংঘের ছায়াতলে আসার জন্য আহ্বান জানান তাঁরা।
নিখিল বাংলা চিরকুমার সংঘের সদস্যরা প্রেম ও বিয়ের বিপক্ষে বলে মন্তব্য করেন সংগঠনটির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিব হাসান। তিনি বলেন, ‘প্রেমের টানাপোড়েনে অনেকে বিষণ্নতায় আক্রান্ত হন। অনেকে নেশার দিকে ঝুঁকে পড়েন। মাদকাসক্ত সন্তানদের নিয়ে অভিভাবকদের ভোগান্তি পোহাতে হয়। লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তাদের রেজাল্ট খারাপ হয়।’
রাকিব আরও বলেন, ‘এটা নারীবিরোধী সংগঠন। তবে আমরা নারীদের সম্মান করি। সম্মানের চোখে দেখি। কিন্তু তাঁদের প্রেমের ফাঁদে আমরা পা দেব না। সংঘের কেউ যদি প্রেমে জড়িয়ে পড়েন, তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’