ভালোবাসার ঘরে বুনো পায়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব এলাকার মিলপাড়া বাজারে নারকেলগাছের ফাঁকে বুনো পায়রার বাসা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব এলাকার মিলপাড়া বাজারে নারকেলগাছের ফাঁকে বুনো পায়রার বাসা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

পাশাপাশি দুটো নারকেলগাছ। মাঝখানে বাঁশের আড়া। তার ওপর ভালোবাসার ঘর। এই ঘরে বাস করে বুনো পায়রার দল। ২৫ বছরের বেশি সময় ধরে ভালোবাসার এই ঘরে এভাবেই প্রায় ২০০ বুনো পায়রা বাস করছে।

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের পাশে গাংনী উপজেলার গাড়াডোব এলাকার মিলপাড়া বাজারে এই ভালোবাসার ঘরের দেখা মিলল। সড়কের পাশে দোতলা ছাদের বাড়ির বাসিন্দা ব্যবসায়ী মো. রোকনুজ্জামান চপল। বাড়ির সামনে প্রধান ফটকের পাশে ভালোবাসার এই ঘর বানিয়েছেন তিনি।

পায়রা সাধারণত জোড়া বেঁধে বাস করে। এরা সাধারণত ১২ থেকে ১৫ বছর বাঁচে। ডিমের মাধ্যমে বাচ্চা প্রজনন করে থাকে।

পায়রা আসার শুরুর গল্পে জানা গেল, ১৯৯০ সালে রোকনুজ্জামানের বাড়ির সামনে একটি তামাকচুল্লি ছিল। তার ওপর টিনের দোচালা ছিল। সেখানে দুটি কালো পায়রা এসে বাসা বাঁধে। কিছুদিন পর এর সংখ্যা দশের অধিক হয়ে যায়। ১৯৯১ সালের দিকে চুল্লিটি ভেঙে ফেলা হয়। তখন পায়রাগুলো পাশেই দুটি নারকেলগাছে আশ্রয় নেয়। নারকেলগাছের ফাঁকে বাঁশের আড়া দিয়ে কাঠের ঘর তৈরি করে দেন রোকনুজ্জামান। ২০–৩০ করে আজ প্রায় ২০০ পায়রা সেখানে বাস করে।

 পায়রাগুলো ভোরবেলায় খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। মাঝে মাঝে মাঠে খাবারের অভাব দেখা দেয়। তখন বাড়িতেই তাদের চাল খাওয়ানো হয়। এ জন্য প্রতি মাসে প্রায় ১৫ কেজি চাল লাগে।

১৫ ফুট দীর্ঘ কাঠের বাড়ির উভয় পাশে প্রায় ১০০টি ছোট ছোট কক্ষ আছে। এ ছাড়া কয়েকটি ঝুড়িও বেঁধে দেওয়া হয়েছে। প্রতিবছর কাঠের বাড়িটি মেরামত করা হয়। তাতে সব মিলিয়ে ৭-৮ হাজার টাকা খরচ হয়। চোখের সামনে পায়রা ওড়াউড়ি করে, দেখতে খুবই ভালো লাগে, বললেন রোকনুজ্জামান।

প্রতিবছরই ৩০-৪০টি পায়রা মারা যায়। সেগুলো মাটি চাপা দেওয়া হয়। এ ছাড়া পায়রাগুলোর ডিম বা বাচ্চা কোনোটাই খাওয়া হয় না।

গত বুধবার দুপুরে গিয়ে দেখা গেল, কয়েকটি পায়রা তাদের ঘরের ভেতর বসে আছে। কিছু পায়রা ঘরের ওপর বসে। কয়েকটি উড়ে বেড়াচ্ছিল। রোকনুজ্জামান হাত উঁচু করে ইশারা করতেই সব পায়রা বের হয়ে উড়তে শুরু করল আকাশে। খানিক পরেই দল বেঁধে আবার ঘরে ছুটে এল।

কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল বলেন, বুনো পায়রার জন্য ঘর করে দেওয়া রোকনুজ্জামানের যে উদ্যোগ, সেটা প্রশংসনীয়। পাখি শিকার নয়, তাদের বেঁচে থাকার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত। তবেই প্রকৃতি ও পরিবেশ সুন্দর থাকবে।