ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবিতে গাইবান্ধায় সাঁওতালদের মানববন্ধন
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবিতে গাইবান্ধা শহরে মানববন্ধন করেছেন সাঁওতালরা। শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে আজ শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার, ফেস্টুন হাতে শতাধিক সাঁওতাল তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন। এ সময় তাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও অবলম্বন এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও বাংলাদেশে সাঁওতালদের নিজ মাতৃভাষায় শিক্ষালাভের দাবি উপেক্ষিত হয়ে আসছে। বর্তমানে দেশের ৫০টির মতো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২০ লাখের বেশি শিশু বংশপরম্পরায় ভুলতে বসেছে তাদের নিজস্ব ভাষাগত ঐতিহ্য, লোকগাথা, প্রবাদ-প্রবচন ইত্যাদি। সাঁওতাল শিশুদের নিজ মাতৃভাষায় অক্ষরজ্ঞান না থাকায় তাদের সংস্কৃতিও হচ্ছে ক্ষতিগ্রস্ত। একটি শিশুর স্বকীয়তা, সৃজনশীলতা, মননশীলতা ও মেধার বিকাশ হয় তার মাতৃভাষার মধ্য দিয়ে। তাই এ দেশে প্রত্যেক সাঁওতাল শিশুর নিজস্ব ভাষা ও নিজ ভাষার বর্ণলিপি শিক্ষার গুরুত্ব অপরিসীম। চর্চার অভাবে এসব বর্ণমালার সবই এখন বিলুপ্তপ্রায়। ফলে নতুন প্রজন্মের আদিবাসীরা নিজ ভাষায় কথা বলতে পারলেও নিজস্ব ভাষায় তারা একেবারে নিরক্ষর।
বক্তারা বলেন, একটি শিশুর স্বকীয়তা, সৃজনশীলতা, মননশীলতা ও মেধার বিকাশ হয় তার মাতৃভাষার মধ্য দিয়ে। তাই এ দেশে প্রত্যেক সাঁওতাল শিশুর নিজস্ব ভাষা ও নিজ ভাষার বর্ণলিপি শিক্ষার গুরুত্ব অপরিসীম।
বক্তারা সাঁওতালদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অবিলম্বে সাঁওতালদের জন্য পাঠ্যপুস্তক, জেলায় সাঁওতাল কালচারাল একাডেমি প্রতিষ্ঠাসহ তাঁদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, বুকের রক্ত দিয়ে এ দেশ মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করে সারা বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। অথচ এ দেশে ভাষাগত সংখ্যালঘু জাতিগুলোর মাতৃভাষা কি বঞ্চিত থাকবে? বিকাশের জন্য মাতৃভাষা অত্যন্ত জরুরি। মাতৃভাষায় শিশুশিক্ষার বিকল্প হতে পারে না।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জনউদ্যোগের সদস্যসচিব প্রবীর চক্রবর্তী। বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম, পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা আহ্বায়ক ওয়াজিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বাবুল রবিদাস, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির, সদস্যসচিব হাসান মোর্শেদ, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানী, জেলা রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, আদিবাসী নেত্রী তৃষ্ণা মুর্মু, ব্রিটিশ সরেন প্রমুখ।