
রঙিন প্রজাপতি মন কেড়ে নিল-গান ধরল কাউনিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তাছনুবা তাবাচ্ছুম। রঙিন প্রজাপতির দেখা না মিললেও গোলাপি, সাদা, নীল সবুজ ও বেগুনি নানা রঙের পোশাকের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল প্রজাপতির মতোই প্রাণময়। বরিশালে অনুষ্ঠিত এইসএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবে পরীক্ষার পর প্রশ্নোত্তর পর্বের আগে গানে মাতিয়ে তোলে শিক্ষার্থীরা। এ উৎসবে সহযোগিতা করেছে গণসাক্ষরতা অভিযান।
গতকাল শনিবার স্কুল কলেজের পোশাকে সকাল আটটা থেকে জড়ো হতে শুরু করে নগরের জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। তীব্র রোদ এবং উত্তাপ উপেক্ষা করে শিক্ষার্থীদের সঙ্গে এসেছিলেন অনেক অভিভাবক। ওই বিদ্যালয়ে বসেছিল এইসএসবিসি-প্রথম আলো বরিশাল আঞ্চলিক ভাষা প্রতিযোগের আসর। মাদারীপুর, শরিয়তপুর, ঝালকাঠী, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও বরিশালের ৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আট শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এতে।
সকাল নয়টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। জাতীয় পতাকা তুলে উৎসবের উদ্বোধন করেন জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল মজিদ। ভাষা প্রতিযোগ পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক। এরপর শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ভাষা প্রতিযোগের স্মারক বেলুন প্রকাশে উড়িয়ে দেন অতিথিরা।
উদ্বোধনী বক্তব্যে মো. আবদুল মজিদ বলেন, ‘তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীদের উজ্জ্বল উপস্থিতি প্রমাণ কলর বাংলা ভাষার প্রতি কতটা ভালোবাসা রয়েছে শিক্ষার্থীদের। সৃজনশীল এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা ভাষা চর্চায় আরও আগ্রহী হবে।’
উদ্বোধনের পরপর শিক্ষার্থীরা ৪০ মিনিটের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে কথা, গান এবং প্রশ্নোত্তর পর্বে নানা প্রশ্ন করে উৎসবকে উজ্জীবিত করে তোলে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সব প্রশ্নের উত্তর দেন অতিথিরা। একই সঙ্গে বুদ্ধিদীপ্ত প্রশ্ন করার জন্য তাঁদের হাতে তুলে দেওয়া হয় বই।
এ পর্বটি প্রাণবন্ত করে তোলেন ভাষা প্রতিযোগের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফিন রুবাইয়াত, মুন্সিগঞ্জ শ্রীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রথম আলো উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর। পুরস্কার বিতরণের আগে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন সংগীত শিল্পী পুলক।
ভাষা প্রতিযোগে বরিশাল অঞ্চলের সেরাদের সেরার সম্মান অর্জন করেন, পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা তাসনিন স্বপ্নিল। সেরা হওয়ার অনুভূতি প্রকাশ করে হুমায়রা তাসনিন বলেন, ‘তৃতীয়, দ্বিতীয় পর্বের ঘোষণার পর বাবাকে নিয়ে চলে যাচ্ছিলাম। প্রথম হব ভাবিনি। সেরাদের সেরা ঘোষণা হওয়ার পর আবেগতাড়িত হয়ে পড়ি। আমার এই অর্জনের পেছনে বাবার অবদান সবচেয়ে বেশি। তাই তাঁকেই উৎসর্গ করলাম। আর কৃতজ্ঞ প্রথম আলোর কাছে।’
বরিশাল আঞ্চলিক ভাষা প্রতিযোগে চার বিভাগে ৬০ জন বিজয়ী হয়েছে। যাহা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেবে। বিজয়ীদের সনদ, পদক এবং বই তুলে দেন অতিথিরা। বন্ধুসভার বন্ধুরা পরিয়ে দেন স্মারক টিশার্ট।
প্রতিটি বিভাগ থেকে ১৫ জন করে (পাঁচজন প্রথম, পাঁচজন দ্বিতীয় ও পাঁচজন তৃতীয়) এই পুরস্কার পায়।
এক বিভাগে প্রথম পাঁচজন হলো সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনন্যা অহম অ্যানি, বরিশাল জিলা স্কুলের ইহতিশাম সিয়াম, সরকারি বালিকা বিদ্যালয়ের সানজানা নূর চৌধুরী, জায়মা জাহান হৃদিতা ও পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্বস্তিকা দাস।
খ বিভাগের প্রথম পাঁচজন হলো সরকারি বালিকা বিদ্যালয়ের শামরী রহমান শুচি, সাইফা সিদ্দিকা সাজিন, সাদিয়া জাহিন সারা, পূজা বৈদ্য ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাদমান সৌমিক।
গ বিভাগের সেরা পাঁচজন হলো পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের হুমায়রা তাসনিন স্বপ্নিল, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিলাজিৎ কুমার রায়, বরিশাল জিলা স্কুলের তাহমিদ হোসেন, মো. এহসানুল হক পাভেল ও সরকারি বালিকা বিদ্যালয়ের নূর-ই-নিশাত।
ঘ বিভাগে প্রথম পাঁচজন হলো সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের আশরাফুল ইসলাম, দেবাশীষ বসু, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের মেহেদি হাসান শান্ত, রয়েল সেন্ট্রাল কলেজের মো. শাহিদুর রহমান রাব্বি ও বরগুনা সরকারি কলেজের কৌশিক এইচ হালদার।